জাকির নায়েকের ‘পিস টিভি’কে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, উঠল সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ

পিস টিভির মনে এবার অশান্তি! ইসলাম ধর্মপ্রচার জাকির নায়েকের চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, টিভির পর্দায় নানা বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে। ক্রমাগত খুনের জন্য উসকানি দেওয়া হচ্ছে। যে কারণে পৌনে তিন কোটি টাকা জরিমানা করা হল তাঁর চ্যানেলকে।

নামেই পিস টিভি, আসলে শান্তির লেশমাত্র নেই। সেখানে দিনের পর দিন এমন কিছু উসকানিমূলক মন্তব্য করা হচ্ছে, যা হিংসা ছড়ানোর জন্য যথেষ্ট। সেই জন্যই পিস টিভি এবং পিস টিভি উর্দু- এই দুই চ্যানেলকে ৩ লক্ষ পাউন্ড জরিমানা করেছে ব্রিটেন। ভারতীয় মুদ্রায় আনুমানিক ২ কোটি ৭৫ লক্ষ টাকা। লর্ড কমিউকেশনসের আওতায় রয়েছে পিস টিভি। এদিকে ক্লাব টিভির অন্তর্ভূক্ত পিস টিভি উর্দু। এই দুটি চ্যানেলকে যথাক্রমে এক ও দুই লক্ষ পাউন্ড জরিমানা করেছে ইউকে কমিউনিকেশন সার্ভিস রেগুলেটর।

ব্রিটেনের সংবাদমাধ্যমে প্রতিনিয়ত যারা নজরদারি চালায়, সেই Ofcom-এর তরফে জানানো হয়েছে, “সম্প্রচারের নিয়ম ভাঙার কারণে এই দুটি চ্যানেলের লাইসেন্সধারীদের জরিমানা দিতে হবে। তদন্ত করে দেখা গিয়েছে, এই চ্যানেলগুলিতে হিংসামূলক বক্তব্য পেশ করা হয়। অত্যন্ত আপত্তিকর কিছু বিষয় মানুষের সামনে তুলে ধরা হয়, যা থেকে অপরাধমূলক কাজে উৎসাহ পেতে পারেন দর্শকরা।”

দীর্ঘদিন ধরেই জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ উঠেছে। ভারত ও বাংলাদেশ- উভয়েরই ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন তিনি। হিংসামূলক প্রচার থেকে আর্থিক প্রতারণা, জঙ্গি-যোগ-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভারতেও ‘পিস টিভি’ চ্যানেলের মাধ্যমে বেশ কয়েকবছর ধরে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল নায়েকের বিরুদ্ধে। ২০১৬ সালে যার জেরে ভারত থেকে পালিয়ে মালয়েশিয়া চলে যান তিনি। সম্প্রতি নাকি তাঁকে মালয়েশিয়া থেকে বের করার জন্য সেখানকার প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছে ভারত সরকার। এবার হিংসা ছড়ানোর দায়ে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে তাঁর চ্যানেলকে।

RELATED Articles

Leave a Comment