রাজ্যে নার্সের সংকট এড়াতে এবার সাত দিনের প্রশিক্ষণে নতুন স্বাস্থ্য হেল্পার তৈরি করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার বেসরকারি হাসপাতালগুলি থেকে নার্স তুলে নিয়ে গেছে মণিপুরের সরকার। ফলে এই করোনা সংকটের দিনে সমস্যার মুখে পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তেমন হলে পুরুষদেরও নার্সের কাজ করার অনুমতি দেওয়া হবে। তাদের সাত দিনের প্রশিক্ষণ দিয়ে হাসপাতালগুলিতে নিয়োগ করা হবে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রাইভেট হাসপাতাল থেকে অনেক সিস্টারকেই নিয়ে গেছে শুনছি। প্রাইভেট হাসপাতালগুলোও তো আমাদেরই হাসপাতাল নাকি! আর একজন নার্স তৈরি করতে প্রায় ২-২.৫ বছর সময় লাগে। আমি মুখ্যসচিবকে বলেছি, যেসব হাসপাতালগুলিতে নার্সের সংকট দেখা দিয়েছে তাদের সাথে কথা বলুন।‘
মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রাইমারি কাজ করতে পারে এমন স্থানীয় লোকজনকে হাসপাতালগুলিতে নিয়োগ করা যেতে পারে। দরকারে মেল নার্সদের নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় ছেলেমেয়েরা যারা অন্তত সাত দিনের শর্ট ট্রেনিংয়ে স্যালাইনটা দিতে পারবে, কিংবা অক্সিজেনটা দিতে পারবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে ভেন্টিলেটর দিতে পারবে না। কিন্তু টাইম বেঁধে ওষুধ দেওয়া, সাথে সাথে টেমপারেচারটা মেপে দেওয়া এসবগুলো সাত দিনের ট্রেনিং-এ যারা শিখে নিতে পারবে তাদের নিয়োগ করা যাবে। অবশ্য এদের নার্স বলা যাবে না, কিন্তু হেল্পার বলা যেতে পারে।‘ তবে এইসব প্রাথমিক বিষয় ছাড়া, সার্জারি বা অন্যান্য গুরুতর ব্যাপারের ক্ষেত্রে এদের নিয়োগ করা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহে মনিপুর সরকার তাদের রাজ্যবাসী ৩০০জন নার্সকে কলকাতার বিভিন্ন হাসপাতাল থেকে মনিপুরে ফিরিয়ে নিয়ে গেছে। যার জেরে মহাসমস্যায় পড়েছে বেসরকারি হাসপাতালগুলি। পরিস্থিতি মোকাবিলা করতে তারা সমস্ত রোগীকে ভর্তি করতে পারছেন না।





