গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ‘কাকিমার বেইমানি’ নামে একটি গান। আরজি কর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসকের মা বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই গানটি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়।
অনেকের দাবি ছিল, ‘সারেগামাপা’ খ্যাত খুদে শিল্পী আরাত্রিকা সিনহা এই গানটি গেয়েছেন। বিষয়টি সামনে আসতেই শিল্পী নিজেই সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, এই গানের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

আরাত্রিকা স্পষ্ট ভাষায় লেখেন, অনেকেই তাঁকে জিজ্ঞাসা করছেন গানটি তিনি গেয়েছেন কি না, আর তার উত্তর একটাই— না। তিনি এই গান গাননি। ফলে তাঁর নাম জড়িয়ে যে আলোচনা চলছিল, তাতে ইতি পড়ল।
শুধু অস্বীকারই নয়, গানটির উৎস নিয়েও ইঙ্গিত দিয়েছেন শিল্পী। তাঁর অনুমান, এটি সম্ভবত এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কণ্ঠস্বর নকল করা হয়েছে বা অন্যভাবে গানটি বানানো হয়েছে বলে মনে করছেন তিনি!
এই ঘটনার পর নতুন করে উঠেছে প্রযুক্তির অপব্যবহারের প্রশ্ন। একই সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত আক্রমণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এদিকে পানিহাটি কেন্দ্রে নির্যাতিতার মা রত্না দেবনাথের বিরুদ্ধে সিপিএমের কল্যাণ দাশগুপ্ত ও তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ লড়াই করছেন। ফল জানা যাবে আগামী সোমবার।





