বলিউডে এক সময় শাহরুখ খান-এর রোমান্টিক গানের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ছিল অভিজিৎ ভভট্টাচার্যের কণ্ঠ। বহু জনপ্রিয় গানে এই জুটি দর্শকদের মন জয় করেছিল। এমনও সময় ছিল যখন শাহরুখের বেশিরভাগ গানেই কণ্ঠ দিতেন অভিজিৎ। কিন্তু হঠাৎই সেই সম্পর্কের অবনতি হয় এবং এরপর আর কখনও শাহরুখের জন্য গান গাইতে দেখা যায়নি তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ এই দূরত্বের কারণ নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, এই বিরোধের পিছনে রয়েছে শাহরুখের অহংকার এবং তাঁর নিজের আত্মসম্মান। তিনি বলেন, বয়সে ছোট হলেও কিছু ঘটনায় শাহরুখের আচরণ তাঁকে কষ্ট দিয়েছিল। এমনকি অন্যদের কাছ থেকে অপমানজনক মন্তব্য শোনার পরও শাহরুখের প্রতিক্রিয়া তাঁকে অবাক করেছিল বলেও জানান তিনি।
আরও পড়ুন:‘রাঙামতি তীরন্দাজ’-এ বড় চমক! প্রেম না কি দ্বন্দ্ব? নতুন নায়কের এন্ট্রিতে গল্পে আসছে দারুণ মোড়! কে এই অভিনেতা?
গায়কের কথায়, সবচেয়ে বেশি আঘাত লেগেছিল এই কারণে যে, কখনওই কোনও দুঃখপ্রকাশ তিনি পাননি। তাঁর মতে, একজন বড় তারকা হিসেবে শাহরুখ চাইলে বিষয়টি সহজেই মিটিয়ে নিতে পারতেন। তিনি আরও বলেন, ভুল স্বীকার করার জায়গা থাকা উচিত এবং এমন পরিস্থিতি যে কারও জীবনেই আসতে পারে।
অভিজিৎ আরও জানান, এক সময় তিনি এতটাই গর্ব অনুভব করতেন যে শুধুমাত্র শাহরুখের জন্যই গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য কোনও অভিনেতার জন্য গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। তাঁর মতে, এটা অহংকার নয়, বরং নিজের কাজের প্রতি এক ধরনের আবেগ ও সংযোগ ছিল।
তবে সময়ের সঙ্গে সেই সম্পর্ক আর আগের মতো থাকেনি। অভিজিৎ মনে করেন, তাঁকে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। বিশেষ করে ‘ম্যাঁ হু না’ ছবির সময় সেটে অন্যদের প্রশংসা করা হলেও গায়কদের গুরুত্ব কম দেওয়া হয়েছিল বলে তাঁর অভিযোগ। এই অভিমান থেকেই ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই।






