মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে করোনা! পেটের দায়ে অভিনেতাকেও বেছে নিতে হচ্ছে ফল বেচার পেশা। কোটি কোটি মানুষ কর্মহারা। রুজি রুটিতে টান পড়লে মানুষ যা কাজ পায় তাই করে। ঠিক যেমন করছেন বলিউডের এই অভিনেতা৷ আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ ছবিতে কাজ করেছিলেন সোলাঙ্কি দিবাকর৷ অসাধারণ ওই অভিনেতা এখন কর্মহীন৷ পেটের দায়ে রাস্তায় ফল বিক্রি করছেন৷

করোনা ভাইরাসে যত না মৃত্যু হচ্ছে দেশজুড়ে, তার চেয়েও বেশি মানুষ হয়তো না খেয়ে মারা যাচ্ছে৷ কোটি কোটি মানুষ কর্মহীন, সর্বহারা৷ তারই একটি উদাহরণ হলেন ড্রিম গার্ল ছবির একটি দৃশ্যে আয়ুষ্মান খুরানা ও অনু কাপুরের সঙ্গে অভিনয় করা সোলাঙ্কি দিবাকর।
সংবাদ সংস্থা ANI-কে সোলাঙ্কি জানিয়েছেন, লকডাউনে সব ছবির শ্যুটিং বন্ধ৷ কাজ নেই৷ বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই৷ পরিবারকে খাওয়াতে হবে৷ তাই ফল বিক্রিই বেছে নিয়েছেন৷
তিনি আরও জানান, প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের একটি ছবির শ্যুটিং শুরু হওয়া কথা ছিল৷ কিন্তু ঋষি কাপুরের মৃত্যু ও করোনা ভাইরাসের জেরে প্রজেক্ট বাতিল হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, ‘তাও যদি লকডাউন না হত, মুম্বইয়ে হয়তো ছোটখাটো রোল পেয়ে যেতাম৷ আমার খুব আপশোস, ঋষি কাপুরের সঙ্গে কাজ করতে পারলাম না৷ যদি করোনা ও লকডাউন না থাকত, ওই ছবিতে আমি কাজ করতাম৷’
২৫ বছর ধরে দিল্লির বাসিন্দা সোলাঙ্কি৷ প্রতিদিন খুব ভোরে ওখলা মাণ্ডিতে চলে যান ফল কিনতে৷ তারপর রাস্তায় বিক্রি শুরু করেন৷ যা টাকা রোজগার হয় তাই দিয়ে দিন গুজরান করেন এই প্রতিভাবান অভিনেতা। লকডাউন খুললেই অভিনয়ের স্বপ্ন দেখবেন দিবাকর, জানিয়েছেন এমনটাই।






