বছরের শুরু থেকে মানুষের জীবনে যেন এক এক করে অভিশাপ নেমে আসছে। একদিকে গত দুমাস ধরে মারণ করোনার সাথে লড়ছে গোটা দেশ, সংক্রমনের সংখ্যাও যেন বাঁধ মানছে না, পরিস্থিতি সামাল দিতে চলছে লকডাউন ৪.০। এরই মাঝে দিল্লিতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বংসী আগুন গ্রাস করল দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ বস্তি এলাকা। মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই আগুন লাগে বস্তিতে। যার জেরেই ভস্মীভূত হয় ১৫০০ ঘর।
তবে লকডাউনের কারণে রাস্তাঘাট ফাঁকা থাকায় প্রায় সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিস ও দমকল ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে। সাথে বস্তিবাসীদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে। দিল্লি দমকলের এক আধিকারিক জানিয়েছেন, রাত ১২টা ৫০শে আগুন লেগেছে বলে ফোন আসে। তার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৮টা ইঞ্জিন।
প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর পৌনে ৪টে নাগাদ আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। কিন্তু ততক্ষণে চোখের সামনে ভস্মীভূত ১৫০০ ঘর। পুড়ে ছাই হয়ে গেল কত জমানো সঞ্চয়। তিল তিল করে গড়ে তোলা মাথার ছাদটুকু হারিয়ে এখন কত মানুষ গৃহহীন।
ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ এখনও জানা যায়নি।তবে দক্ষিণ দিল্লির ডিসিপি জানান, মুহূর্তের মধ্যে প্রায় ১০০০ থেকে ১২০০টি ঘরে আগুন ধরে যায়। তারপর আগুন আরও ছড়ায়।এখন ক্ষয়ক্ষতি পরিমাণ হিসেব করে দেখার কাজ চলছে। তবে মুহূর্তের তৎপরতায় বস্তিবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়ায় এখনও প্রাণহানির কোনও খবর নেই।





