২০০৭ সালে জন্ম নেওয়া হলিউডের তরুণী অভিনেত্রী কাইলি হটল মাত্র ১৮ বছর বয়সেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। জন্ম থেকেই তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন, তবুও নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছিলেন। মঙ্গলবার গভীর রাতে আমেরিকার মেরিল্যান্ডের ফ্রিল্যান্ড এলাকার উইন্ডসর রোডে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুতগতিতে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি কালভার্টে ধাক্কা মারে। সেই গাড়িতেই যাত্রী হিসেবে ছিলেন কাইলি। গাড়িটি চালাচ্ছিলেন ১৯ বছরের এক তরুণ, যিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন তদন্তকারীরা।
কাইলির মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন তাঁর বাবা যোশুয়া হটল। পরে টেক্সাস স্কুল ফর দ্য ডেফ কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে মেরিল্যান্ডের ফ্রেডেরিক কাউন্টি শেরিফ অফিস। অল্প বয়সেই তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ছোটবেলা থেকেই বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে কাইলির অভিনয়জীবনের শুরু। একটি ভিডিও রিলে সার্ভিসের বিজ্ঞাপনে তাঁর পারফরম্যান্স দেখে কাস্টিং ডিরেক্টর সারা হ্যালে ফিন মুগ্ধ হন। এরপরই তিনি ২০২১ সালের ‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ছবিতে ইশারার ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে তাঁর আবেগঘন সম্পর্ক দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল।

আরও পড়ুনঃ ১৯৮৫ সালের ২২ জুলাই, মাত্র ২৭ বছর বয়সেই অগ্নিদ’গ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন টলিউডের দাপুটে অভিনেত্রী! আ’ত্মহ*ত্যা নাকি খু’ন, এই প্রশ্নের উত্তর আজও অধরা! জানেন, মৃ’ত্যুর আগে কী ছিল মহুয়া রায়চৌধুরীর শেষ ইচ্ছা?
পরে ২০২৪ সালের ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করেন কাইলি। এছাড়া প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘ম্যাগনাম পিআই’-এও তাঁকে দেখা গিয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরিচালক প্রতিটি দৃশ্য ধৈর্য ধরে বুঝিয়ে দিতেন এবং তাঁর বাবা-মা স্ক্রিপ্ট বুঝতে সবসময় সাহায্য করতেন। অল্প সময়ের ক্যারিয়ার হলেও তাঁর অভিনয় আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।






