জি বাংলার জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি’র নতুন পর্বের প্রোমো প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ বেড়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা ও সাংসদ দেবকে। অভিনয়, প্রযোজনা এবং জনজীবনের নানা দায়িত্ব সামলেও নতুন এই ভূমিকায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি, যার ঝলক মিলেছে সম্প্রতি প্রকাশিত প্রোমোতে।
দেবের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলে। শুভশ্রীর সঙ্গে অতীত সম্পর্ক থেকে শুরু করে রুক্মিণীর সঙ্গে বর্তমান সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে জল্পনা, সবই বারবার উঠে আসে আলোচনায়। তবে এই পর্বে সেই বিষয় নয়, বরং মানুষ হিসেবে দেব আসলে কেমন, সেই প্রশ্নই তাঁর সামনে তুলে ধরেন গায়ক রূপঙ্কর বাগচি।
আসন্ন এই বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকবেন কুমার শানু। পাশাপাশি প্রতিযোগী হিসেবে অংশ নেবেন রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী এবং আকৃতি কক্কর। প্রোমোতে দেখা যায়, রূপঙ্কর দেবকে প্রশ্ন করেন, সুপারস্টার, প্রযোজক, সঞ্চালক এবং জনপ্রতিনিধির পরিচয়ের বাইরে বাড়ি ফিরে তিনি আসলে কে।
এই প্রশ্নের উত্তরে দেব জানান, তিনি এমন একজন মানুষ যিনি সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসেন। প্রতিদিন আগের দিনের থেকে আরও ভালো কাজ করার চেষ্টা করেন। তিনি বলেন, দিনের শেষে তাঁর বাবা-মা জানেন যে তিনি সৎভাবে নিজের কাজ করে যাওয়ার চেষ্টা করেন। তবে সব প্রচেষ্টাই যে সফল হবে, এমন নিশ্চয়তা কখনও থাকে না বলেও অকপটে স্বীকার করেন তিনি।
আরও পড়ুনঃ ক্যারিবিয়ানের কেম্যান দ্বীপে কি লুকিয়ে তৃণমূলের ‘গুপ্তধন’? ১৫ কোটি টাকার বিদেশি লেনদেন, ৭০-৮০ কোটি টাকার মানি ট্রেল ও হেলিকপ্টার কেনার অভি*যোগে বাড়ছে রহ*স্য! এবার বাংলার রাজনীতিতে সবুজ শিবিরের সবচেয়ে বড় আর্থিক কে*লেঙ্কারির পর্দা হবে ফাঁস?
দেবের এই আন্তরিক এবং সহজ উত্তর উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। বিশেষ করে কুমার শানু তাঁর কথায় মুগ্ধ হয়ে দেবকে জড়িয়ে ধরেন। এরপর তিনি স্নেহভরে বলেন, এই কারণেই দেব তাঁর মায়ের এত প্রিয়। প্রোমোর এই মুহূর্ত ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং পুরো পর্বটি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।






