স্বাধীনতা দিবস উপলক্ষে দাদাগিরিতে এবার থাকছে বিশেষ পর্ব। জি বাংলায় শুরু হওয়া নতুন সিজন ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। এই মরশুমের অন্যতম বড় চমক দেবের সঞ্চালনা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব নিয়ে প্রথম থেকেই নিজের মতো করে অনুষ্ঠানটি সামলাচ্ছেন অভিনেতা। এবার স্বাধীনতা দিবসের বিশেষ পর্বে দেশের জন্য লড়াই করা কয়েকজন সাহসী যোদ্ধাকে নিয়ে হাজির হবে দাদাগিরি।
নতুন প্রোমোয় দেখা গিয়েছে, এই বিশেষ পর্বে উপস্থিত হয়েছেন দেশের জন্য যুদ্ধ করা তিন বাঙালি যোদ্ধা। তাঁদের মধ্যে রয়েছেন অপারেশন সিঁদুরে অংশ নেওয়া তরুণ কুমার বিশ্বাস, কার্গিল যুদ্ধের নায়ক রনেন্দ্রু চক্রবর্তী এবং প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো। দেশের সুরক্ষায় তাঁদের অভিজ্ঞতা এবং সাহসের কথা শুনতে দেখা যাবে দেবকে। ফলে এবারের বিশেষ পর্বে বিনোদনের পাশাপাশি উঠে আসবে সেনাদের লড়াইয়ের কথাও।
২০২৫ সালের ৭ থেকে ৮ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার তরফে চালানো হয়েছিল অপারেশন সিঁদুর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় নাগরিকদের মৃত্যুর পর তার জবাব দিতেই এই অভিযান চালানো হয়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গিঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী। সেই অভিযানে অংশ নেওয়া বাঙালি যোদ্ধা তরুণ কুমার বিশ্বাস এবার দাদাগিরির মঞ্চে এসে সেই সময়ের অভিজ্ঞতা ভাগ করে নেন।
প্রোমোয় তরুণ কুমার বিশ্বাসকে বলতে শোনা যায়, পাকিস্তান থেকে ড্রোন হামলা শুরু করা হয়েছিল এবং সেগুলিকে ধ্বংস করার দায়িত্ব ছিল তাঁদের। তাঁর মুখে সেই অভিজ্ঞতার কথা শুনে মুগ্ধ হয়ে যান দেব। এরপরই তরুণের সাহসিকতাকে সম্মান জানিয়ে তাঁকে স্যালুট করতে দেখা যায় অভিনেতাকে। এই দৃশ্য ইতিমধ্যেই দাদাগিরির স্বাধীনতা দিবসের বিশেষ পর্ব নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। দেশের সেনাদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ এই পর্বটি যে আলাদা মাত্রা পেতে চলেছে, তা প্রোমোতেই স্পষ্ট।
আরও পড়ুনঃ ‘উচ্চ কোটির ভণ্ড…দেশ ও সমাজের জন্য ক্ষতিকারক’, যন্তর মন্তরের জন্য আবেগপ্রবণ, আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে মৌনতা! সুবিধাবাদী প্রতিবাদীদের কড়া বার্তা ‘গোরাচাঁদ’ বিশ্বরূপের!
চলতি বছরের ২৯ জুন থেকে শুরু হয়েছে দাদাগিরির নতুন সিজন। প্রথম পর্বেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুনীল ছেত্রী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শানের মতো তারকারা উপস্থিত ছিলেন। সঞ্চালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সৌরভের সঙ্গে নিজের তুলনা হবে, তা আগে থেকেই জানতেন দেব। এমনকি প্রস্তাব পাওয়ার পর প্রথমে সৌরভকেই ফোন করেছিলেন তিনি এবং সঞ্চালনার বিষয়ে তাঁর কাছ থেকে পরামর্শও নেন। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় জি বাংলায় দেখা যাচ্ছে অনুষ্ঠানটি। পাশাপাশি জি ফাইভ অ্যাপেও স্ট্রিম করা হচ্ছে দাদাগিরি।






