রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কয়েক মাস পর তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও মডেল মৌমিতা পণ্ডিত। সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, রাহুল তাঁর গালে আবির মাখিয়ে দিচ্ছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরে এক সাক্ষাৎকারে মৌমিতা দাবি করেন, মৃত্যুর আগের কয়েক মাস রাহুলের সঙ্গে তাঁর গভীর প্রেমের সম্পর্ক ছিল।
মৌমিতার দাবি, গত মার্চে হোলির দিন ভোরে তাঁকে চমকে দিতে বাইক নিয়ে তাঁর বাড়িতে পৌঁছেছিলেন রাহুল। সারারাত শুটিং করার পরেও তাঁর জন্য সময় বের করেছিলেন অভিনেতা। এরপর দুজনে শহরে ঘুরেছিলেন এবং চা খেয়েছিলেন। মৌমিতা জানান, স্বামী অরিদীপ্তের মৃত্যুর পর দীর্ঘদিন মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। প্রায় আট বছর হোলি না খেলা মৌমিতার গালে সেদিন রাহুল হলুদ রঙের আয়ুর্বেদিক আবির মাখিয়ে দিয়েছিলেন।
মৌমিতা আরও জানান, তাঁর প্রয়াত স্বামী অরিদীপ্তের সঙ্গে রাহুলের ছোটবেলার বন্ধুত্ব ছিল। অরিদীপ্তের মৃত্যুর পর রাহুলের সঙ্গে তাঁর যোগাযোগ আরও বাড়ে। পরে উত্তরবঙ্গে একসঙ্গে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বলে দাবি অভিনেত্রীর। মৌমিতার কথায়, সেই সময় তাঁরা একে অপরের উপর নির্ভর করতে শুরু করেছিলেন। তবে তাঁদের সম্পর্কটি প্রকাশ্যে আনার বিষয়ে দুজনেই নিজেদের মতো করে সময় নিতে চেয়েছিলেন।
রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে মৌমিতা জানান, তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল এবং প্রিয়াঙ্কা রাহুলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। একইসঙ্গে তাঁর দাবি, রাহুল কাউকে ঠকিয়ে তাঁর কাছে আসেননি। মৌমিতা আরও বলেন, রাহুল তাঁদের সম্পর্ক গোপন রাখতে চাননি। বরং একদিন দুজনে একসঙ্গে সবার সামনে নিজেদের সম্পর্কের কথা জানাবেন, এমন ইচ্ছা ছিল তাঁর।
আরও পড়ুনঃ অনুরাগ কশ্যপকে ‘ছাগল’ বলে ডাকেন প্রেমিকার মা! দু’বার বিয়ে ভাঙার পর পরিচালকের জীবনে ফের নতুন বসন্ত! ২০ বছরের ছোট শুভ্রার সঙ্গে প্রেম, বিয়ের পরিকল্পনাও করছেন?
দুর্ঘটনার দিনও রাহুলের সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল বলে জানিয়েছেন মৌমিতা। শেষ শটের আগে সমুদ্রের হাওয়া নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলেন রাহুল। তার আগের দিনও প্রায় ২০ থেকে ২৫ মিনিট ভিডিও কলে কথা হয়েছিল দুজনের। রাহুলের মৃত্যুর পর তাঁর বাড়িতে গিয়ে মায়ের পাশে কয়েকদিন ছিলেন মৌমিতা এবং শেষকৃত্যেও উপস্থিত ছিলেন। অভিনেত্রীর দাবি, এই সম্পর্কের কথা প্রকাশ না করলে রাহুলের প্রতি অন্যায় হবে। তাঁর কাছে তাঁদের প্রেম এখনও জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।






