রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কয়েক মাস পর তাঁর সঙ্গে সম্পর্কের দাবি করেছিলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। মৌমিতা জানিয়েছিলেন, মৃত্যুর আগে পর্যন্ত রাহুলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এমনকি শেষ শুটে যাওয়ার আগেও তাঁদের কথা হয়েছিল এবং তার আগের রাতে দীর্ঘ সময় ভিডিও কলেও কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি। এই বক্তব্য সামনে আসার পরেই শুরু হয় বিতর্ক। রাহুলের বন্ধুদের একাংশ প্রশ্ন তোলেন, এমন কথা বলার আগে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং তাঁর পরিবারের কথা ভাবা উচিত ছিল কি না।
এই পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে নিজের বক্তব্য জানালেন মৌমিতা। তাঁর অভিযোগ, তাঁকে না জেনেও অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন। এমনকি যাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন এবং তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁরাও সত্যিটা জানার চেষ্টা না করে প্রকাশ্যে সমালোচনা করেছেন বলে দাবি তাঁর। মৌমিতার কথায়, তাঁকে ‘সস্তা’, ‘বাজারি’, ‘মিথ্যাবাদী’, ‘ফুটেজখোর’সহ নানা নামে কটাক্ষ করা হয়েছে। পরিচিত এবং সিনিয়র শিল্পীদের এমন আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন।
মৌমিতার আরও অভিযোগ, এতদিন যাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং বিভিন্ন সময়ে পাশে থেকেছেন, এই বিতর্কের পর তাঁদের অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর দাবি, কিছু মানুষ পুরো বিষয়টি জানেন, অথচ প্রকাশ্যে ভুল তথ্যের প্রতিবাদ করছেন না। বরং নীরব থেকে পরিস্থিতি দেখছেন। মৌমিতার বক্তব্য, একজন প্রয়াত মানুষকে সম্মান জানানোর নামে একজন জীবিত মানুষকে মিথ্যাবাদী হিসেবে তুলে ধরা হচ্ছে। তাঁর মতে, যাঁরা সত্যিটা জানেন, তাঁরা চাইলে এই পরিস্থিতি অনেকটাই থামাতে পারতেন।
সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আক্রমণ না করে সরাসরি কথা বলার আবেদনও জানিয়েছেন মৌমিতা। তাঁর বক্তব্য, বয়সে ছোট বা ইন্ডাস্ট্রিতে তুলনামূলক নতুন হওয়ার কারণে তাঁকে সহজে আক্রমণ করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, তাঁকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার আগে কেন একবার তাঁর সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানা হল না। মৌমিতার কথায়, কারও সম্মান বাড়ানোর জন্য অন্য কাউকে ছোট করার প্রয়োজন নেই। তাই যাঁদের বক্তব্য রয়েছে, তাঁদের সামনে এসে কথা বলা এবং সত্যিটা জানার পর মতামত প্রকাশ করার অনুরোধ করেছেন তিনি।
আরও পড়ুনঃ মাঝপথেই ‘তারে ধরি ধরি মনে করি’ ছাড়লেন অহনা! কুন্তলিনী চরিত্র নিয়ে নিজেই জানালেন কারণ, বারবার নেতিবাচক চরিত্রে টাইপকাস্ট হওয়ায় কি বিরক্ত অভিনেত্রী?
নিজের পোস্টের শেষেও ক্ষোভ প্রকাশ করেছেন মৌমিতা। তাঁর অভিযোগ, রাহুলকে সম্মান জানানোর কথা বলতে গিয়ে কিছু মানুষ তাঁকেই যেন দোষী প্রমাণ করতে চাইছেন। তিনি মনে করেন, কোনও ঘটনার পুরো সত্যি না জেনে কাউকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক নয়। তাই নিজের অবস্থান স্পষ্ট করে মৌমিতা জানিয়েছেন, তিনি চুপ করে থাকার বদলে নিজের বক্তব্য প্রকাশ্যে রাখতেই চান। রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে দাবি করেছেন, সেই বক্তব্যের কারণেই তাঁকে যেভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে, তার বিরুদ্ধেই এবার সরব হলেন অভিনেত্রী।






