‘একমাত্র মীরই এই নামটা জানে’, সুদীপ্তা চক্রবর্তীকে ভালোবেসে কী নামে ডাকতেন ঋতুপর্ণ ঘোষ? প্রয়াত পরিচালকের জন্মদিনে অজানা গল্প ভাগ করে আবেগে ভাসলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।!

বাংলা সিনেমায় ঋতুপর্ণ ঘোষের অবদান আজও বিশেষভাবে মনে রাখা হয়। তাঁর হাত ধরেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ‘বাড়িওয়ালি’ ছবিতে মালতি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। সেই সময় বয়সে বেশ ছোট ছিলেন সুদীপ্তা। ছবিতে কিরণ খেরের বাড়ির পরিচারিকার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয় এবং পরবর্তীতে তিনি পান রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার।

ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের অভিজ্ঞতা সুদীপ্তার কাছে আজও অত্যন্ত বিশেষ। পরিচালকের জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি তাঁকে নিয়ে বেশ কিছু অজানা কথা শেয়ার করেছেন অভিনেত্রী। সুদীপ্তার কথায়, ঋতুপর্ণ যেমন খুব ভালোবাসতেন, তেমনই তাঁর বকুনির মধ্যেও থাকত আন্তরিকতা। কথা বলার সময় তাঁর শব্দ বাছাইও ছিল আলাদা। সেই ভালোবাসা থেকেই সুদীপ্তার জন্য একটি বিশেষ ডাকনামও রেখেছিলেন পরিচালক, যা এখনও খুব বেশি মানুষের জানা নেই।

সম্প্রতি ‘soulconnection_podcast’-এর একটি পডকাস্টে ঋতুপর্ণকে নিয়ে কথা বলতে গিয়ে সেই গোপন নামের কথা জানান সুদীপ্তা। তিনি বলেন, ঋতুপর্ণ তাঁকে ভালোবেসে ‘গুটকে কচুরি’ বলে ডাকতেন। পরিচালকের মনে হয়েছিল, সুদীপ্তার নাক ও মুখ দেখতে অনেকটা গুটকে কচুরির মতো। মীর ছাড়া আর কেউ এই নামটি জানতেন না বলেও জানান অভিনেত্রী। সেই নামটি মীর জানার পর তিনিও সুদীপ্তাকে একই নামে ডাকতে শুরু করেন।

কীভাবে মীরের কাছে এই নাম পৌঁছেছিল, সেই ঘটনাও জানিয়েছেন সুদীপ্তা। অভিনেত্রীর কথায়, সেই সময় তিনি ও মীর একটি বেসরকারি সংবাদ সংস্থায় কাজ করতেন। একদিন সকালে কাজ শেষ হওয়ার পর সুদীপ্তা ঋতুপর্ণকে ফোন করে জানান, মীর তাঁর সঙ্গে দেখা করতে চান। তাঁদের অফিসের ঠিক উল্টোদিকেই ছিল পরিচালকের বাড়ি। এরপর মীরকে সঙ্গে নিয়ে সেখানে যান সুদীপ্তা এবং দুজনের পরিচয়ও করিয়ে দেন।

আরও পড়ুনঃ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আলাদা হতাম না, এখন বুঝি…’ ঠিক এক বছর আগে শুভশ্রীকে ‘ইনোসেন্সি’ নিয়ে খোঁচা, ‘দেশু ৭’-এর টিজার মুক্তির দিনেই নিঃশব্দে ক্ষমা চেয়ে অকপট দেব! ফের জুটির প্রেম চর্চা তুঙ্গে?

সুদীপ্তার স্মৃতিতে সেই সাক্ষাতের মুহূর্তটিও বেশ মজার। মীরের সামনেই ঋতুপর্ণ তাঁকে দেখে বলে উঠেছিলেন, ‘কী রে গুটকে কচুরি, এত সকালে উঠে লিপস্টিক পরে এসেছিস!’ সেই ঘটনার পর থেকেই মীরও তাঁকে ওই ডাকনামেই ডাকতে শুরু করেন। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে সুদীপ্তার এই সম্পর্কের ছোট্ট স্মৃতিটি তাঁর প্রতি পরিচালকের স্নেহ ও আন্তরিকতারই একটি বিশেষ দিক তুলে ধরে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর