শাড়ি বিক্রি থেকে বিগ বসের ঘরে, সৌরভকে চিমটি কেটে চর্চায় তনুশ্রী! কে এই জলপাইগুড়ির মেয়ে?

জলপাইগুড়ি থেকে সরাসরি ‘বিগ বস বাংলা’র মঞ্চে পা রেখেছেন তনুশ্রী রায় দাস। শাড়ি ও ডিজাইনার ব্লাউজের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ইতিমধ্যেই পরিচিতি তৈরি করেছিলেন তিনি। এবার সেই পরিচিতিকে আরও বড় পরিসরে নিয়ে গিয়ে বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। মঞ্চে এসেই নিজের আলাদা উপস্থিতি জানান দিয়েছেন তনুশ্রী। বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়ে তাঁর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

বিগ বসের মঞ্চে সৌরভকে সামনে দেখে তনুশ্রী নাকি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি সত্যিই সেখানে রয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে তিনি সৌরভের হাতে চিমটি কেটে বসেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ ঘটনাটি নিয়ে মজা করেছেন, আবার কেউ তনুশ্রীর আচরণকে অতিরিক্ত নাটকীয় বলে কটাক্ষ করেছেন। এমনকি নেটিজেনদের একাংশ তাঁকে ‘তানিয়া মিত্তলের মিসো ভার্সন’ বলেও মন্তব্য করেছেন।

তবে তনুশ্রীর পরিচয় শুধু সোশ্যাল মিডিয়ায় শাড়ি বিক্রি বা বিগ বসের মঞ্চে তাঁর আচরণেই সীমাবদ্ধ নয়। জলপাইগুড়ির এই মহিলার জীবনের লড়াইও বেশ কঠিন ছিল। মাত্র ১৬ বছর বয়সেই তাঁর বিয়ে হয়ে যায়। অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে এবং পড়াশোনাও আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বর্তমানে তনুশ্রী ১৫ বছরের এক মেয়ের মা। তিনি নিজেকে একজন সিঙ্গল মাদার হিসেবেই পরিচয় দেন।

নিজের কাজের মাধ্যমেও পরিচিতি তৈরি করেছেন তনুশ্রী। জলপাইগুড়িতে ‘দ্য মোমেন্ট অফ মেমোরি’ নামে একটি বুটিক চালান তিনি। অনলাইনে শাড়ি এবং ব্লাউজ বিক্রির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সেগুলির নানা ধরনের সাজ তুলে ধরতেন। সেই সূত্রেই ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁর বেশ কিছু অনুরাগী তৈরি হয়। বিগ বসের মঞ্চে সৌরভ যখন তাঁকে গ্ল্যামার এবং মেয়ের মধ্যে কোনও একটি বেছে নিতে বলেন, তখন তনুশ্রী স্পষ্ট জানান, সাজগোজ তাঁর জায়গায় থাকলেও দিন শেষে তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি তাঁর মেয়ের মা।

আরও পড়ুনঃ ‘একমাত্র মীরই এই নামটা জানে’, সুদীপ্তা চক্রবর্তীকে ভালোবেসে কী নামে ডাকতেন ঋতুপর্ণ ঘোষ? প্রয়াত পরিচালকের জন্মদিনে অজানা গল্প ভাগ করে আবেগে ভাসলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।!

বিগ বসের ঘরে নিজের স্বভাব নিয়েও আগেই ইঙ্গিত দিয়েছেন তনুশ্রী। তাঁর দাবি, তিনি বেশ ঠোঁটকাটা এবং অন্যায় দেখলে চুপ করে থাকেন না। ফলে সৌরভকে চিমটি কাটার ঘটনা যে শুধু শুরু, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। তাঁর স্পষ্ট কথা, গ্ল্যামার, নিজের মতামত এবং প্রতিবাদী স্বভাব নিয়েই তিনি বিগ বসের ঘরে থাকতে চান। এবার প্রতিযোগিতার বিভিন্ন পরিস্থিতিতে তনুশ্রীর এই স্বভাব তাঁকে কতটা এগিয়ে দেয়, সেটাই দেখার।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর