‘সিনিয়র যদি এমনই হন…’, শুধু ভালো সঞ্চালিকা নন, ভালো মানুষও বটে! স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ ঐন্দ্রিলা! ‘দিদি নম্বর ১’-এর প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা জানিয়ে পোস্টে অভিনেত্রীর? আপনাদের কেমন লাগছে স্বস্তিকাকে?

রচনা বন্দ্যোপাধ্যায়ের পর ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শুরুতে এই পরিবর্তন নিয়ে নানা মন্তব্য হলেও ধীরে ধীরে নিজের মতো করে দর্শকদের মন জয় করছেন অভিনেত্রী। ট্রোল বা নেতিবাচক মন্তব্যে গুরুত্ব না দিয়ে নতুনভাবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এবার স্বস্তিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মুগ্ধতার কথা জানালেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন ঐন্দ্রিলা। অনুষ্ঠানে স্বস্তিকার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা তাঁর কাছে বেশ ভালো ছিল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সহ প্রতিযোগীদের পাশাপাশি স্বস্তিকারও প্রশংসা করেন তিনি। ঐন্দ্রিলার কথায়, স্বস্তিকা শুধু তাঁর পছন্দের অভিনেত্রী নন, মানুষ হিসেবেও তিনি অত্যন্ত ভালো। তাঁর সঙ্গে সময় কাটিয়ে বিশেষভাবে মুগ্ধ হয়েছেন বলেই জানান ঐন্দ্রিলা।

স্বস্তিকার উদ্দেশে ঐন্দ্রিলা আরও লেখেন, একজন সিনিয়র বা অগ্রজ হিসেবে তিনি যেভাবে নিজেকে মার্জিত, আন্তরিক, বিনয়ী এবং উদারভাবে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। স্বস্তিকার ব্যবহার, উপস্থিতি এবং অন্যদের গুরুত্ব দেওয়ার বিষয়টিও ঐন্দ্রিলার নজর কেড়েছে। তাঁর মতে, কাউকে নিজের উপস্থিতিতে বিশেষ অনুভব করানোর যে ক্ষমতা স্বস্তিকার রয়েছে, সেটি খুবই সুন্দর। তাই অভিনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথাই নিজের পোস্টে জানিয়েছেন ঐন্দ্রিলা।

স্বস্তিকা দায়িত্ব নেওয়ার পর ‘দিদি নম্বর ১’-এর ফরম্যাটেও বেশ কিছু পরিবর্তন এসেছে। আগে প্রতি পর্বে চারজন প্রতিযোগী খেলায় অংশ নিলেও এখন একসঙ্গে ১০ জন প্রতিযোগীকে নিয়ে পর্ব সাজানো হচ্ছে। সম্প্রচারের সময়ও বদলেছে। দীর্ঘদিন বিকেলের স্লটে দেখা গেলেও বর্তমানে রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। ফলে সঞ্চালিকা বদলের পাশাপাশি নতুন ফরম্যাটেও দর্শকদের সামনে হাজির হয়েছে জনপ্রিয় এই শো।

আরও পড়ুনঃ ‘ভাইজান’ সলমন খান ‘বিগ বস’ ২০-র জন্য পারিশ্রমিক পাচ্ছেন ১২০ কোটি! বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় ‘বিগ বস ৩’ সঞ্চালনায় কত পাচ্ছেন? জানলে, চোখ উঠবে কপালে!

২০০৯ সালে ‘দিদি নম্বর ১’-এর যাত্রা শুরু হয়েছিল পুষ্পিতা মুখোপাধ্যায়ের সঞ্চালনায়। দ্বিতীয় সিজন থেকে দায়িত্বে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরে একবার জুন মালিয়া এবং ষষ্ঠ সিজনে দেবশ্রী রায়কেও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল। তবে রচনার মতো জনপ্রিয়তা তাঁরা কেউই পাননি। অন্যদিকে ঐন্দ্রিলার অভিনয় জীবন শুরু হয় ২০১৭ সালে ‘স্বপ্ন উড়ান’ ধারাবাহিকের মাধ্যমে। ‘আলো ছায়া’, ‘মন ফাগুন’, ‘শুভদৃষ্টি’, ‘সাহেবের চিঠি’, ‘মিলি’ ও ‘পুবের ময়না’র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। বর্তমানে ‘সাত পাকে বাঁধা’য় দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন অভিনেত্রী।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর