বাংলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস’, সম্প্রচারিত হয়েছে প্রথম পর্বও। এবার পালা হিন্দি ‘বিগ বস’-এর ২০তম সিজনের। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় এই রিয়্যালিটি শো। প্রতি বছরের মতো এবারও সলমন খানের পারিশ্রমিক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। অন্যদিকে বাংলায় শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুই সঞ্চালকের পারিশ্রমিকের অঙ্কে কতটা পার্থক্য রয়েছে?
২০১০ সালে প্রথমবার ‘বিগ বস’-এর সঞ্চালকের দায়িত্ব নেন সলমন খান। সেটি ছিল শোয়ের চতুর্থ সিজন এবং তখন প্রতি পর্বের জন্য তাঁকে ২.৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সিজনের সাফল্যের পর নির্মাতারা সলমনকেই সঞ্চালক হিসেবে রেখে দেন। পঞ্চম ও ষষ্ঠ সিজনেও তাঁর পারিশ্রমিক প্রতি পর্বে ২.৫ কোটি টাকা ছিল। এরপর ধীরে ধীরে শোয়ের সঙ্গে সলমনের পারিশ্রমিকও বাড়তে শুরু করে।
‘বিগ বস’-এর সপ্তম সিজন থেকেই সলমনের পারিশ্রমিকে বড় পরিবর্তন আসে। সেই সময় প্রতি পর্বে তাঁকে প্রায় ৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতারা। পরবর্তী সময়ে কখনও প্রতি পর্ব হিসেবে, আবার কখনও পুরো সিজনের জন্য তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছে। এবার ২০তম সিজনের জন্য সলমন খানকে পুরো সিজনের পারিশ্রমিক হিসেবে প্রায় ১২০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে বলে খবর। নতুন সিজনে একাধিক পরিচিত মুখকে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে বলেও জল্পনা রয়েছে।
এদিকে ‘বিগ বস বাংলা’র সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পারিশ্রমিক নিয়েও রয়েছে যথেষ্ট কৌতূহল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্টার জলসার সঙ্গে চার বছরের চুক্তিতে ‘বিগ বস বাংলা’ এবং আরও একটি কুইজ শো সঞ্চালনার জন্য সৌরভের মোট চুক্তির মূল্য প্রায় ১২৫ কোটি টাকা। অর্থাৎ এই অঙ্কটি শুধু ‘বিগ বস বাংলা’র জন্য নয়, দুই অনুষ্ঠান মিলিয়ে তাঁর মোট চুক্তির মূল্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে একক সিজনের পারিশ্রমিকের সঙ্গে সলমনের অঙ্কের সরাসরি তুলনা করা ঠিক হবে না।
আরও পড়ুনঃ শাড়ি বিক্রি থেকে বিগ বসের ঘরে, সৌরভকে চিমটি কেটে চর্চায় তনুশ্রী! কে এই জলপাইগুড়ির মেয়ে?
প্রসঙ্গত, পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায় ‘দাদাগিরি’ থেকে সরে এসেছেন বলে আগে খবর প্রকাশিত হয়েছিল। এরপর নতুন দায়িত্বে দেখা যাচ্ছে তাঁকে ‘বিগ বস বাংলা’র মঞ্চে। একদিকে হিন্দিতে সলমন খান, অন্যদিকে বাংলায় সৌরভ, দুই তারকার সঞ্চালনায় দুই সংস্করণের শো নিয়েই দর্শকদের আগ্রহ যথেষ্ট। এখন দেখার, নতুন সিজনে সলমনের পারিশ্রমিকের মতোই ‘বিগ বস বাংলা’ নিয়ে সৌরভের সঞ্চালনা কতটা সাড়া ফেলে।






