শহর ছেড়ে মুম্বইয়ে জিতু কমল, বিগ বস বাংলায় ওয়াইল্ড কার্ডে এন্ট্রি? শনিবারই বড় চমক!

‘বিগ বস বাংলা ৩’-কে ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একের পর এক প্রতিযোগীর বিদায় এবং ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে প্রতিদিনই নতুন জল্পনা তৈরি হচ্ছে। এর মধ্যেই অভিনেতা জিতু কমলকে ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। আচমকাই কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেতা। আর তাঁর এই সফরের পর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি এবার ‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে দেখা যাবে জিতুকে?

জিতুর সম্ভাব্য প্রবেশ নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এতদিন অভিনেতা নিজে বিষয়টি নিয়ে কোনও স্পষ্ট কথা বলেননি। সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি পোশাকের ছবি পোস্ট করে তিনি জানান, একটি ‘নন-ফিকশন শো’-তে অংশ নিতে চলেছেন। শুধু তাই নয়, সেই অনুষ্ঠানে জিতলে পুরস্কারের অর্থের ৭৫ শতাংশ অনাথ শিশু, বৃদ্ধাশ্রমের প্রবীণ এবং গৃহহীন মানুষদের জন্য দান করার কথাও জানিয়েছেন তিনি। তাঁর এই পোস্টের পরেই বিগ বসে অংশ নেওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে।

এরই মধ্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, জিতু কমলকে নাকি শোয়ের অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী হিসেবে দেখা হতে পারে। সূত্রের দাবি, বিগ বস থেকে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে অনাথ শিশুদের জন্য একটি হোম তৈরি করার পরিকল্পনা রয়েছে অভিনেতার। সেই উদ্দেশ্যে জমি দেখার কাজও নাকি শুরু হয়েছে। যদিও এই বিষয়ে জিতু এখনও প্রকাশ্যে কিছু বলতে চাননি। মেগা ধারাবাহিকে আর কাজ করবেন না বলেও আগেই জানিয়েছিলেন তিনি। সম্প্রতি ‘চোর’ ছবির কাজও শেষ করেছেন অভিনেতা।

এদিকে, ‘বিগ বস বাংলা’র ঘরেও ইতিমধ্যে বদল এসেছে। প্রথম প্রতিযোগী হিসেবে অনিন্দ্য সেনগুপ্ত বিদায় নেওয়ার পর ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে প্রবেশ করেছেন মডেল-অভিনেতা রাজবীর দে। তাঁর প্রবেশের পর থেকেই নানা বিষয় নিয়ে ঘরে উত্তেজনা তৈরি হয়েছে। কখনও জায়গা দখল, কখনও আবার সহ-প্রতিযোগীদের সঙ্গে মতবিরোধ—সব মিলিয়ে রাজবীরের উপস্থিতি নজর কেড়েছে। এমন পরিস্থিতিতে জিতু কমলের মতো পরিচিত মুখের সম্ভাব্য প্রবেশ দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ “আমি নিরামিষাশী, কিন্তু পা*ঠা ও বি*ফ দুটোই দারুণ রান্না করতে পারি, প্রয়োজনে আমাকে ডেকে রান্না করাতে পারেন!” বিশ্বজিত চক্রবর্তীর গো’মাং*স বিতর্কে ফের চর্চায় দেবলীনার ২০২১-এর মন্তব্য! পুজোর সিজনে কাজ হারানোর দাবি, সেই কারণেই কি আজও ভুগছেন অভিনেত্রী?

সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি এই সপ্তাহান্তে বিগ বসের ঘরে ঢুকবেন জিতু? সূত্রের খবর, আগামী শনিবারের বিশেষ পর্বেই নাকি তাঁকে নিয়ে বড় চমক থাকতে পারে। ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন জিতু। অভিনয়ের পাশাপাশি তাঁর ঠান্ডা মাথার যুক্তিবাদী ভাবমূর্তিও বেশ পরিচিত। ফলে তিনি যদি সত্যিই বিগ বসের ঘরে প্রবেশ করেন, তাহলে প্রতিযোগিতার সমীকরণে বড়সড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন দর্শকদের একাংশ। এখন নজর শনিবারের পর্বের দিকে

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর