বিগ বস বাংলার ঘর থেকে সদ্য বেরিয়েছেন সায়ক চক্রবর্তী। শো থেকে বেরোনোর পর ফের তাঁকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নির্বাচনী খরচের হিসাব প্রকাশ্যে আসার পর জানা যায়, বিজেপির নির্বাচনী প্রচারের জন্য সায়ক চক্রবর্তীর অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা দেওয়া হয়েছিল। এই তথ্য সামনে আসার পরই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা। সেই আবহেই এবার সায়ককে নাম না করে একটি পোস্ট করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
ঋত্বিক তাঁর ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ করেননি। তবে পোস্টের বক্তব্য থেকে অনেকেই মনে করছেন, তাঁর নিশানায় সায়কই। সেখানে নির্বাচনী প্রচারের টাকা, পার্ক স্ট্রিটের বিফ-কাণ্ড এবং সেই ঘটনায় তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন অভিনেতা। তাঁর পোস্টে ছিল তীব্র কটাক্ষ। নিজের পোস্টে ঋত্বিক লেখেন, ‘নিজেই স্ক্রিপ্ট লিখে, সংলাপ বলে, ক্যামেরা করে… নিজের জন্য মাত্র আড়াই লাখ?’ এরপর আরও বেশ কিছু কড়া শব্দ ব্যবহার করেন তিনি।
এই ঘটনায় যে তিনি শুধুমাত্র সায়ক চক্রবর্তীকে নিশানা করেছেন তা নয় তার নিশানায় এসেছেন সুকান্তও! কারণ অলি পাবের ওই ঘটনায় সেদিন উপস্থিত ছিলেন অনন্যা- সুকান্ত জুটিও! উল্লেখ্য, সায়ককে নিয়ে এই বিতর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক মাস আগের পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁর ঘটনাও। সায়কের দাবি ছিল, তিনি মটন স্টেক অর্ডার করেছিলেন, কিন্তু তাঁর কাছে ভুল করে বিফ স্টেক পরিবেশন করা হয়। পরে সেই ঘটনা নিয়ে তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় এবং সায়কের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও ওঠে। পরে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানান, ধর্মীয় বিভাজন তৈরি করা তাঁর উদ্দেশ্য ছিল না।
এবার সেই পুরনো ঘটনার সঙ্গে জুড়েছে নির্বাচনী প্রচারের টাকার প্রসঙ্গ। নির্বাচন কমিশনে জমা দেওয়া খরচের হিসাব থেকে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, সায়কের অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা পৌঁছেছিল। একই সময়ে আরও কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম ও তাঁদের পাওয়া অর্থের অঙ্কও সামনে এসেছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর সায়ককে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। তবে এই অর্থের বিনিময়ে তাঁর ঠিক কী ধরনের প্রচারমূলক কাজ ছিল, তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত তথ্য নেই।
আরও পড়ুনঃ বিগ বসে রাজবীর-নন্দিনীর চুমু! ম্যাঁও ডাক! বাংলা রিয়ালিটি শো কি তবে সাবালক হচ্ছে? এই ধরনের শো কি আদৌ ফ্যামিলি শো? উঠছে প্রশ্ন! আপনাদের কি মত?
ঋত্বিকের পোস্টের পর স্বাভাবিকভাবেই ফের আলোচনার কেন্দ্রে সায়ক। তবে এখনও পর্যন্ত ঋত্বিকের পোস্টের জবাবে সায়কের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। বরং শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন তিনি, যার ক্যাপশনে ছিল শুধু একটি লাল হৃদয়ের ইমোজি। সেখানে তাঁকে নিয়ে আসা মন্তব্যগুলিরও কোনও জবাব দেননি সায়ক। ফলে ঋত্বিকের এই পোস্টের পর আগামী দিনে সায়ক কী প্রতিক্রিয়া দেন, সেটাই এখন দেখার।






