একদিন আগেই ভালোবাসার কথা জানিয়েছিলেন নন্দিনী দত্ত। রাজবীর দে-র সঙ্গে ভবিষ্যৎ নিয়েও কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল বিগ বস বাংলার ঘরের সমীকরণ। নন্দিনীর সঙ্গে ভুল বোঝাবুঝির পর এবার মনামির পাশে বসে চোখের জল ফেলতে দেখা গেল রাজবীরকে। অন্যদিকে নন্দিনীকেও বেশ মনমরা হয়ে ঘুরতে দেখা যায়। ফলে দুজনের সম্পর্ক নিয়ে ফের তৈরি হয়েছে নতুন জল্পনা। এর মধ্যেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা ঘোষের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ঘটনার শুরু অনুষ্কাকে ঘিরেই। বিগ বসের ঘরে ঢোকার পর থেকেই রাজবীর এবং নন্দিনীর সমীকরণে প্রভাব ফেলতে দেখা যাচ্ছে তাঁকে। নন্দিনীকে অনুষ্কা জানান, ঘরের বাইরে রাজবীরের প্রেমিকা রয়েছেন। এই কথা শুনে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন নন্দিনী। রাগের মাথায় রাজবীরের দেওয়া ব্রেসলেট পর্যন্ত ছুড়ে ফেলে দেন তিনি। শুধু তাই নয়, নমিনেশন থেকে জিতুকে বাঁচানোর জন্য রাজবীর অনুষ্কার সাহায্য চাওয়াতেও নন্দিনীর মন খারাপ হয়। কারণ, জিতুকে বাঁচানোর বিনিময়ে অনুষ্কাকে পরবর্তী ক্যাপ্টেন করার জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করবেন বলে রাজবীর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নন্দিনীর সঙ্গে এই ভুল বোঝাবুঝির পর নিজেকে সামলাতে পারেননি রাজবীর। ঘরের এক কোণে বসে কাঁদতে দেখা যায় তাঁকে। পাশে থাকা মনামি বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, তাঁদের মধ্যে হওয়া ঝগড়া হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু তাতেও খুব একটা শান্ত হতে পারেননি রাজবীর। অন্যদিকে নন্দিনীকেও বেশ মন খারাপ করে ঘুরতে দেখা যায়। পরে জিতু, ভরত কল-সহ অন্য সদস্যদের সামনে নন্দিনী জানান, রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক ক্রমশ জটিল হয়ে উঠছে। ফলে একদিন আগের সেই ঘনিষ্ঠতার জায়গায় আচমকাই দেখা দিয়েছে অভিমান এবং দূরত্ব।
আরও পড়ুনঃ বিগ বস বাংলায় জীতুর আপন এখন রাজবীর! দুর্নিবারকে ‘ক্যা’ন্সার’ বলে বিস্ফো’রক মন্তব্য, সৃজলাকে দলে টানার চেষ্টা করছেন নায়ক?
অথচ এর ঠিক আগের দিনই ছিল সম্পূর্ণ অন্য ছবি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদার দরবার’ পর্ব শেষ হওয়ার পর রাজবীরকে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন নন্দিনী। এমনকী, ভবিষ্যতে তাঁদের মধ্যে ঝগড়া হলেও একে অপরকে ছেড়ে থাকতে পারবেন না, এমন কথাও বলেছিলেন তিনি। সেই সময় রাজবীরও জানিয়েছিলেন, অন্য কোনও বিকল্পের দিকে তাকানোর প্রশ্ন নেই, কারণ তিনিও নন্দিনীকে ভালোবেসে ফেলেছেন। এবার সেই সম্পর্কেই নতুন করে তৈরি হয়েছে টানাপোড়েন। রাজবীর-নন্দিনীর রসায়ন দর্শকদের একটা বড় অংশের নজর কেড়েছিল। তাই তাঁদের এই দূরত্ব কতটা সাময়িক, আর অনুষ্কার উপস্থিতি তাঁদের সম্পর্কের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর দর্শকদের।






