শাশুড়ি-বৌমার সম্পর্ক মানেই কি শুধু মানিয়ে নেওয়া আর দায়িত্ব সামলানো? অন্তত শুভস্মিতা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে ছবিটা একেবারেই অন্যরকম। হবু শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক যে কতটা মধুর, তা আরও একবার প্রকাশ্যে এল সৌরভ চক্রবর্তীর মায়ের জন্মদিনে। ৬৬ বছরে পা দিলেন সৌরভের মা। আর সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন এক উপহারের ব্যবস্থা করলেন শুভস্মিতা, যার দাম টাকা দিয়ে মাপা যায় না। কী ছিল সেই উপহার, যা আবেগে ভরিয়ে দিল জন্মদিনের আসর?
আসলে, উপহারটি কোনও দামি গয়না কিংবা বিলাসবহুল সামগ্রী নয়। বরং জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এসে যে মানুষগুলির সঙ্গে দেখা হলে পুরনো দিনগুলো আবার ফিরে আসে, তাঁদেরই কাছে পাওয়ার আনন্দের ব্যবস্থা করেছিলেন শুভস্মিতা। সৌরভের মায়ের ছোটবেলার বন্ধুদের জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে তাঁকে চমকে দেন অভিনেত্রী। জীবনের এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর শৈশবের বন্ধুদের সঙ্গে আবার একসঙ্গে বসে আড্ডা দেওয়ার সুযোগ যে কতটা মূল্যবান, তা বলার অপেক্ষা রাখে না।
এই বিশেষ মুহূর্তের কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সৌরভ নিজেই। মায়ের জন্মদিনে শুভস্মিতার এই উদ্যোগের কথা জানিয়ে অভিনেতা লিখেছেন, ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দই আলাদা। সময়ের সঙ্গে জীবনে কত পরিবর্তন আসে, চাকরি, সন্তান, নানা অভিজ্ঞতা আর বদলে যাওয়া পৃথিবীর মধ্যে হারিয়ে যায় কত স্মৃতি। কিন্তু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে সেই ফেলে আসা দিনগুলো যেন আবার ফিরে আসে। শুভস্মিতার এই ভাবনাই সৌরভের মায়ের জন্মদিনকে অন্য মাত্রা দিয়েছে।
সৌরভের পোস্ট থেকে আরও জানা গিয়েছে, এই পরিকল্পনার জন্য শুভস্মিতাকে নাকি হালকা বকুনিও খেতে হয়েছে। কারণ, তাঁর শাশুড়ি মনে করেছিলেন, এত আয়োজনের প্রয়োজন ছিল না। কিন্তু ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে গেলে কি সব সময় বড়সড় আয়োজনের দরকার হয়? কখনও কখনও পুরনো বন্ধুদের সঙ্গে কয়েক মুহূর্ত কাটানোর আনন্দই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় উপহার। ছবিতেও দেখা গিয়েছে, পরিবারের সদস্যদের পাশাপাশি ছোটবেলার বন্ধুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাচ্ছেন সৌরভের মা।
আরও পড়ুনঃ ‘মহালয়ার আগের দিন বোধহয় ফুলশয্যা হয়েছে!’ মহালয়ার দিন কপালে সিঁদুর ঘেঁটে, গলায় জুঁইয়ের মালা দিয়ে ছবি দিতেই নেটিজেনদের কটা’ক্ষের মুখে শ্রীময়ী
প্রসঙ্গত, জি বাংলার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই কাছাকাছি এসেছিলেন সৌরভ ও শুভস্মিতা। পর্দার দীপ ও ঝাঁপির সম্পর্ক বাস্তবেও প্রেমে পরিণত হয়েছে। ইতিমধ্যেই তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। তার আগেই হবু শাশুড়ির সঙ্গে শুভস্মিতার এমন মধুর সম্পর্ক অনুরাগীদের মন জয় করেছে। জন্মদিনের এই ছোট্ট অথচ আবেগঘন চমক বুঝিয়ে দিল, নতুন পরিবারে সম্পর্কের বাঁধন আরও দৃঢ় করে তুলতে ভালোবাসা আর আন্তরিকতার বিকল্প নেই।






