‘বিগ বস বাংলা’র ঘরে তাঁদের খুনসুটি, মান-অভিমান আর ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কখনও একে অপরের পাশে দাঁড়ানো, কখনও আদুরে আচরণ রাজবীর দে ও নন্দিনী দত্তের সমীকরণ নজর কেড়েছে দর্শকদের। কিন্তু রিয়্যালিটি শোয়ের বাইরে এই সম্পর্ক কোন দিকে এগোবে? তাঁদের পরিবারের সদস্যরা কীভাবে দেখছেন এই ঘনিষ্ঠতাকে? নন্দিনীর বাবা-মায়ের বক্তব্য সামনে আসার পর এবার মুখ খুললেন রাজবীরের মা। ছেলের জীবনে নন্দিনীর জায়গা নিয়ে তাঁর উত্তর ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌতূহল।
নন্দিনীকে ভবিষ্যতে বউমা হিসেবে মেনে নিতে তাঁর আপত্তি আছে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন রাজবীরের মা। উত্তরে তিনি জানান, বিষয়টি সম্পূর্ণ তাঁর ছেলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। রাজবীর যদি নন্দিনীকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, তা হলে পরিবারের আপত্তি থাকবে না। তাঁর কথায়, ‘সেটা ওর উপর নির্ভর করবে। ও চাইলে আমরা রাজি, ওর উপরই নির্ভর করবে, ও বুঝবে।’ অর্থাৎ, ছেলের পছন্দকেই গুরুত্ব দিতে চান তিনি। তবে এই বক্তব্যকে রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে চূড়ান্ত সম্মতি হিসেবে দেখার অবকাশ নেই। আপাতত তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে দু’জনের সিদ্ধান্তের উপরই।
এদিকে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। বিগ বসের ঘরে তাঁদের ঘনিষ্ঠতা নজর কেড়েছে। নন্দিনী ইতিমধ্যেই রাজবীরকে নিজের মনের কথা জানিয়েছেন বলেও চর্চা চলছে। একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে আদুরে মুহূর্ত সবকিছুই অনুরাগীদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই সম্পর্ক সত্যিই প্রেমের, নাকি রিয়্যালিটি শোয়ের পরিবেশে তৈরি হওয়া ঘনিষ্ঠতা, তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই। এমনকী, ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, শো থেকে বেরিয়ে আসার পরেও যদি রাজবীর ও নন্দিনীর সম্পর্ক বজায় থাকে, তা হলেই সেটিকে সত্যিকারের সম্পর্ক বলে বিশ্বাস করবেন তিনি।
আরও পড়ুন: জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরছেন নীলাঙ্কুর! তাঁর বিপরীতে কোন জনপ্রিয় অভিনেত্রী? নতুন জুটি নিয়ে বাড়ছে কৌতূহল
অন্যদিকে, নন্দিনীর বাবা-মাও মেয়ের পছন্দকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ভবিষ্যতে কী হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে নন্দিনী যাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে, তাঁর সিদ্ধান্তই পরিবারের কাছে গুরুত্বপূর্ণ। ফলে দুই পরিবারের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট এখনই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না। আপাতত বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর রসায়ন নিয়েই দর্শকদের কৌতূহল। শো শেষ হওয়ার পরেও তাঁদের সম্পর্ক একই রকম থাকে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।






