টলিউডের বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষালের কঠিন পরিস্থিতির কথা প্রকাশ্যে আসতেই এবার তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরেই অভাব ও পারিবারিক সমস্যার মধ্যে দিন কাটছে ৭৫ বছরের এই অভিনেতার। সম্প্রতি নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছিলেন তিনি। এমনকী ঠিকমতো খাবার না পাওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেতা। তাঁর এই অসহায় অবস্থার কথা জানার পর সাহায্যের আবেদন জানিয়েছিলেন অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীলের সেই আবেদনে সাড়া দিয়েই এবার শঙ্কর ঘোষালের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্ষীয়ান অভিনেতার পরিস্থিতির কথা সামনে আসার পর থেকেই তাঁর সাহায্যে এগিয়ে আসার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থাকা একজন শিল্পীর এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মীরাও। এবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে তাঁর পাশে দাঁড়ানোর বিষয়টি নতুন করে আশার আলো দেখাচ্ছে।
অন্যদিকে, শিল্পীদের সম্মান ও তাঁদের কঠিন সময়ে সাহায্য করার বার্তা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি। সংগঠনের সভাপতি রুদ্রনীল ঘোষের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর কিংবদন্তি পরিচালক দেবকী কুমার বসুর জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে শঙ্কর ঘোষালকে আর্থিক ও অন্যান্য সাহায্য করার বিষয়টিও গুরুত্ব পাবে। পাশাপাশি শিল্পীদের প্রতি সমাজের দায়িত্বের কথাও তুলে ধরা হবে এই বিশেষ মঞ্চ থেকে।
উদ্যোক্তাদের বক্তব্য, শিল্পীদের কাজের প্রশংসা বা সম্মান শুধু উৎসব কিংবা বিশেষ অনুষ্ঠানের মধ্যেই আটকে থাকা উচিত নয়। জীবনের কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়ানোও সমাজের দায়িত্ব। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে বাংলা বিনোদন জগতকে সমৃদ্ধ করেছেন, তাঁদের শেষ বয়সে যেন অভাবের মধ্যে দিন কাটাতে না হয়, সেই বিষয়েও গুরুত্ব দিতে চায় সংগঠনটি। শঙ্কর ঘোষালের পরিস্থিতি সামনে আসার পর এই উদ্যোগকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ প্রশ্নের মুখে বিসলেরি! পরপর দু’টি পরীক্ষায় মিলল ক্ষ’তিকর রাসায়নিক, মামলার পথে FSSAI
উল্লেখ্য, কয়েক দিন আগেই নিজের ছেলে ও নাতির বিরুদ্ধে মারধর এবং অত্যাচারের অভিযোগ তুলেছিলেন শঙ্কর ঘোষাল। তবে অভিনেতার এই অভিযোগ মানতে চাননি তাঁর স্ত্রী ভারতী ঘোষাল এবং বোন তথা অভিনেত্রী রত্না ঘোষাল। তাঁদের দাবি, বাড়িতে তাঁর উপর কোনও নির্যাতন করা হয় না। বরং মানসিক সমস্যার কারণেই তিনি এমন অভিযোগ করছেন বলে পাল্টা দাবি করেন তাঁরা। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের সাহায্যের উদ্যোগে কীভাবে উপকৃত হন বর্ষীয়ান অভিনেতা, সেদিকেই নজর থাকবে সকলের।






