এসভিএফ প্রযোজিত বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তি পেয়েছে গত ২০ নভেম্বর। তারাপীঠের সাধক বামাক্ষ্যাপার জীবন এবং মা তারার প্রতি তাঁর গভীর ভক্তির কাহিনি উঠে এসেছে এই ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। নাম ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। এছাড়াও ছবিতে রয়েছেন পায়েল দে, সাহেব চট্টোপাধ্যায়ের মতো পরিচিত মুখ। তবে বলিউডের বড় বাজেটের ছবি মুক্তির কারণে বাংলা ছবিটির শো এবং প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর সেই সমস্যার সমাধান হল। নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত সিনেমা হলে প্রাইম টাইমে দেখাতে হবে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’।
শুধু এই ছবির প্রদর্শন নিয়েই নয়, বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ঠিক হয়েছে, প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতে হবে। কোনও হল এই নির্দেশ না মানলে তাদের লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও করা হতে পারে। পাশাপাশি রাজ্যে নতুন করে ৫১টি সিনেমা হল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলা ছবির সমস্যা এবং তার সমাধানের উপায় খুঁজতে একটি বিশেষ কমিটিও গঠন করা হবে। এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও থাকবেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং অরিজিৎ দত্ত।
আগামী ২৬ নভেম্বর মিঠুন চক্রবর্তী ফিরে এলে কমিটি তৈরির কাজ সম্পূর্ণ হবে। এরপর ৩১ ডিসেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে এই কমিটি। বাংলা সিনেমার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে, কেন ছবিগুলি পর্যাপ্ত শো পাচ্ছে না এবং কীভাবে পরিস্থিতির উন্নতি করা সম্ভব, সেই বিষয়গুলি খতিয়ে দেখবেন সদস্যরা। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত, অভিনেত্রী ও বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, ফিরদৌসুল হাসান, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির গোটা টিম। ছবিতে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করা সব্যসাচী চৌধুরী জানিয়েছেন, দর্শকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে আরও অনেক মানুষ ছবিটি দেখবেন বলে তাঁর আশা। তাঁর কথায়, বামাক্ষ্যাপার জীবন, তাঁর মাহাত্ম্য এবং তারাপীঠের ইতিহাসের নিজস্ব গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বের তুলনায় নিজের অভিনয়কে বড় করে দেখতে চান না তিনি। অন্যদিকে, ছবির নির্মাতাদের দাবি, মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে। সপ্তাহের সাধারণ দিনেও একাধিক শো হাউসফুল হচ্ছে। দর্শকদের মুখে মুখে ছবির প্রচার তাঁদের আরও উৎসাহিত করছে।
আরও পড়ুনঃ সরকারি বাসে মহিলাদের বিনামূল্যের টিকিট ঘিরে বড় অভিযোগ! ‘সেকু-মাকু’দের নিশানা পরিবহনমন্ত্রী অর্জুনের, কীভাবে হচ্ছে কারচুপি?
নির্মাতাদের দীর্ঘদিনের অভিযোগ, বড় বাজেটের হিন্দি বা অন্য ভাষার ছবি মুক্তি পেলেই অনেক সময় বাংলা ছবির শো কমিয়ে দেওয়া হয়। অন্য ছবির মুক্তিতে তাঁদের আপত্তি নেই, তবে ভালো চলা বাংলা ছবিকেও সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। আগামী শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই প্রেক্ষাগৃহে ছবিটির জায়গা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তিতে ছবির নির্মাতারা। তাঁদের আশা, এই সিদ্ধান্তের ফলে শুধু ‘সাধক বামাক্ষ্যাপা’ নয়, আগামী দিনে অন্যান্য বাংলা ছবিও প্রেক্ষাগৃহে যথাযথ শো এবং প্রাইম টাইম পাওয়ার সুযোগ পাবে। নতুন ৫১টি সিনেমা হল তৈরির পরিকল্পনাও বাংলা চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।






