বর্ষা আগমনের সময় প্রায় হয়ে এলো। এবারে দেশে সঠিক সময়ই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু সঠিক সময়ে প্রবেশ করলেও এবারে বর্ষায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হবে জানালো এক বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট।
এই সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে আগামী ৪ জুন যথাসময়ই কেরলে প্রবেশ করবে বর্ষা। এরপর তা জুন মাসের একদম শেষে প্রবেশ করবে রাজধানী দিল্লিতে। সাধারণত জুন মাসকেই বর্ষা প্রবেশের সঠিক সময় হিসেবে ধরা হয়, তাই সঠিক সময়েই দেশে বর্ষা প্রবেশ করছে বলে জানিয়েছে এই আবহাওয়া সংস্থা।
কিন্তু সঙ্গে তারা এও জানান যে এবারে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় থাকবে কম৷ পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে এই কম বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন তারা। তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তর পশ্চিম ভারতে। এবারে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হলে কৃষিকাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও এই বিষয়ে এখনও কোনো খবর মেলেনি সরকারি আবহাওয়া দপ্তর দিল্লির মৌসম ভবন থেকে। বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় যে কম হতে পারে সেটিও এখনও জানায়নি মৌসম ভবন। এছাড়াও বর্ষা কবে প্রবেশ করবে সেই বিষয়েও কোনো ইঙ্গিত দেননি তারা। তাই আপাতত বর্ষার সঠিক পূর্বাভাস পেতে তাকিয়ে থাকতে হচ্ছে মৌসম ভরনের দিকেই।






