করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত ভারতীয় অর্থনীতি। কারর কাজ যাবেনার প্রতিশ্রুতিতেও কাজ হারিয়েছেন বহু। শুধু অসংগঠিত ক্ষেত্রে নয়, কর্পোরেটেও চাকরি গিয়েছে প্রচুর মানুষের। কাজ হারানোর মাসিক ২৫ হাজার টাকার কম বেতনভোগীদের, নগদ অর্থ দিয়ে সাহায্য করুক সরকার। মনে করছেন সিআইআই প্রেসিডেন্ট উদয় কোটাক। তাঁর মতে, যাঁরা এমনিতেই ২৫ হাজারের কম বেতন পান, কাজ হারিয়ে তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাঁদের সাহায্যার্থে, কেন্দ্রের উচিত বেতনের ৫০ থেকে ৭৫ শতাংশ উক্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া। এতে বহু মানুষ অর্থনৈতিক ধাক্কা কিছুটা হলেও সাময়িকভাবে কাটিয়ে উঠতে পারবে।
তাছাড়াও, ভূমি ও শ্রম ক্ষেত্রে সংস্কার সাধন করে অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেওয়া প্রয়োজন, মনে করছেন কোটাক।
করোনা আবহে চীন-আমেরিকা টানাপোড়েনের জেরে বহু শিল্পসংস্থাই চীনের ওপর আস্থা হারাচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যদি সেই সকল সংস্থার বিনিয়োগকে ভারতে টানা যায় তাহলে অর্থনীতির পালে হাওয়া লাগতে পারে বলে মনে করছেন তিনি। আর এখন সেই দিকেই নজর দেওয়া উচিত সরকারের পরামর্শ সিআইআই প্রেসিডেন্টের।
‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সম্প্রতি কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। বিনিয়োগে উৎসাহ যোগাতে এটি নিঃসন্দেহে ভাল পদক্ষেপ।






