অর্থনীতির মন্দা বাজার ও সংকটের দিনে মিলল সোনার খনি, হদিস দিল জিএসআই

করোনার জেরে থমকে গেছে দেশের অর্থনীতি। এই সময় যদি উঠে আসে একটা গোটা স্বর্ণখনি তবে কেমন হয় বলুন তো! একেবারে জ্যাকপট। কোথায়? আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেই। পূর্ব সিংভূম জেলার ভিতারদারি গ্রামে এবার সন্ধান মিলল একটি সোনার খনির। যাতে রয়েছে প্রায় ২৫০ কেজির মতো সোনা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে।

প্রসঙ্গত, এই স্বর্ণখনিটি স্টিল টাউনশিপ জামশেদপুর থেকে ২০ কিমি দক্ষিণে রয়েছে। জিএসআই থেকে বলা হয়েছে, রাজ্য সরকারের অনুমতি মিললেই খুব তাড়াতাড়ি সোনার খনির নিলামী শুরু হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই উত্তর প্রদেশের সোনভদ্রে একটি সোনার খনির হদিশ মিলেছিল।

জিএসআই একটি বেসরকারী সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। নতুন স্বর্ণখনিটি একদম নিলামের জন্যও তৈরি। আমাদের কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে। এবার সরকার তার খনির দেখভালের কাজ সম্পন্ন করতে পারে। এবার যা করার রাজ্য সরকারই করবে।’

সম্প্রতি ঝাড়খণ্ডে যে সোনার খনির হদিস মিলেছে, সেখানে ২০০৯-১০ সাল থেকে অনুসন্ধানের কাজ চলছিল। সেখান থেকে ৭০০-র বেশি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে সোনার বিষয়ে নিশ্চিত হন গবেষকরা। এমন সময় এমন গুপ্তধন অর্থনৈতিক ব্যক্তি থেকে জিএসআইয়ের বিশেষজ্ঞ সবার মুখেই হাসি ফুটিয়েছে।

ঝাড়খন্ডে এই খনি নিয়ে পঞ্চম স্বর্ণখনির সন্ধান মিলেছে। দুটি রাঁচির কাছাকাছি পারাসিতে ও পাহাদিয়ায়। অন্যগুলি পশ্চিম সিংভূম ও লাভায় রয়েছে।

RELATED Articles

Leave a Comment