আগামীকাল প্রথম দফায় ১০০ টি ভেন্টিলেটর নিয়ে শিকাগো থেকে আসবে এয়ার ইন্ডিয়ার বিমান

আগামীকাল অর্থাৎ ১৫ই জুন সোমবার, আমেরিকা থেকে ভারতে উড়ে আসছে ১০০ ভেন্টিলেটর। আমেরিকার তরফে ভারতের জন্য সর্বমোট ২০০টি ভেন্টিলেটরের ঘোষণা করা হয়েছে। যার মধ্যে প্রথম ১০০ টি ভেন্টিলেটর নিয়ে শিকাগো থেকে উড়ে আসবে এয়ার ইন্ডিয়ার একটি বিমান।

করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকা। ভারতকে ২০০ টি ভেন্টিলেটর দানের ঘোষণা করেছে মার্কিন মুলুক। মার্কিন সংস্থা জোলের তৈরি সেই ভেন্টিলেটরগুলি গত মাসেই দেশে আসার কথা ছিল। কিন্তু তা আসতে পারেনি। এবার শেষপর্যন্ত সোমবারই সেগুলি ভারতে পৌঁছাবে। যা করোনা রোগীদের ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ী হবে বলে মনে করছেন অনেকেই। এক আধিকারিক বলেন, ‘ভেন্টিলেটরগুলি ভারতে পৌঁছানোর পর রেড ক্রস সোসাইটি একটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করবে, তারপর ওই ভেন্টিলেটরগুলি রোগীদের সেবার জন্য হাসপাতালগুলিকে দিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৫ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে ভেন্টিলেটর দেবেন বলে ঘোষণা করেন। একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা তার বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারীর সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদীর পাশে রয়েছি। এমনকি প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও আমরা পরস্পরকে সাহায্য করছি। আমরা একসাথে মিলে এই অণুবীক্ষণিক শত্রুকে পরাস্ত করব।’

অন্যদিকে ভারত আমেরিকার থেকে ভেন্টিলেটর না চাইলেও ট্রাম্পের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। একটি টুইটবার্তায় নরেন্দ্র মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক ধন্যবাদ এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য। আমরা সবাই একসঙ্গে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ছি। এরকম সময়ে সব দেশের সংঘবদ্ধভাবে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও আমেরিকার বন্ধুত্ব এভাবেই আরও দৃঢ় হোক।’

RELATED Articles

Leave a Comment