দুর্নীতি রোখে কার সাধ‍্যি! ৫০০ কোটির শেয়ার বিক্রি ৮৫ কোটিতে! নবান্নের চার আমলাকে তলব ইডি’র।

বড়সড় দুর্নীতির অভিযোগে এবার রাজ্যের অর্থসচিব-সহ ৪ জন আমলাকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলায় ওই ঘটনায় তদন্তে নামে ইডি। সচিবদের কাছে সমন পৌঁছতেই শাসকের সপাট দাবি, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তৃণমূলকে বিপাকে ফেলতে এই পদক্ষেপ।

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বলছে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলায় অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও প্রাণীসম্পদ বিকাশ দফতরের তৎকালীন সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, রাজেশ সিংহ ও রাজীব কুমার (আই এ এস)-কে ডেকে পাঠিয়েছে ইডি। ২২শে জুনের মধ্যে তাঁদের হাজিরা দিতে হবে। তবে কোনও কারণে তাঁরা সশরীরে হাজির হতে না পারলে ভিডিয়ো কনফারেন্সিংয়ে বা লিখিত ভাবে বক্তব্য‌ও জানাতে পারেন। তবে এই ব্যাপারে এখন‌ও পর্যন্ত ইডির কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া মেলেনি আমলাদেরও।

ঘটনা কী?

মেট্রো ডেয়ারিতে রাজ্য সরকারের ৪৩ শতাংশ শেয়ার ছিল। সেই শেয়ার মাত্র ৮৫ কোটি টাকায় কেভেন্টার্সকে বিক্রি করে দেয় রাজ্য। এর পর সংস্থার ১৫ শতাংশ শেয়ার ১৭০ কোটি টাকায় সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে কেভেন্টার্স। বিরোধীদের অভিযোগ, জেনে বুঝে জলের দরে মেট্রো ডেয়ারিকে কেভেন্টার্সের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। যে দরে কেভেন্টার্স সিঙ্গাপুরের সংস্থাকে শেয়ার বিক্রি করেছে সেই দরে সরকার শেয়ার বিক্রি করতে গেলে ৫০০ কোটি টাকা রাজ্যের কোষাগারে ঢুকতো।

সরকারের দাবি, সমস্ত নিয়ম মেনে ২ বার টেন্ডার ডেকে শেয়ার বিক্রি করা হয়েছে। এতে কোথাও কোনও গাফিলতি নেই। এবার কেভেন্টার্স কাকে কত দরে শেয়ার বিক্রি করবে তা দেখার দায়িত্ব সরকারের নয়।

আরও অন্যান্য খবর