ফের রোগী ফেরানোর অভিযোগ উঠল এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবার অভিযুক্ত এসএসকেএম হাসপাতাল। মুমূর্ষ রোগীকে তিন ঘন্টা অপেক্ষা করিয়ে ভর্তি নেওয়া হলো না রাজ্যের এই সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বারাসতের বাসিন্দা মনমোহন সরকার মাথায় গুরুতর চোট পেয়ে এসএসকেএম-এ আসেন। এরপর দীর্ঘ ৩ ঘণ্টা ধরে তাকে হাসপাতালের ট্রমা কেয়ারের বাইরে বসিয়ে রেখে অবশেষে ন্যাশনাল মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। মনমোহন সরকারের পরিবারের দাবি, হাসপাতালে বেড নেই বলে তাঁদের রেফার করা হয়। কিন্তু খামোখা ৩ ঘণ্টা পর্যন্ত একজন মুমূর্ষু রোগীকে বসিয়ে রাখা হলো কেন? কেন আগেই বা হল না ভর্তি নেওয়া হবে না? এই অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট উত্তর মেলেনি।
জানা গিয়েছে, আমফানের তাণ্ডবে তার বাড়ি টালি ভেঙে পড়েছিল। রবিবার সেই ভাঙা টালি সারাতে ওঠেন মনমোহন সরকার। কিন্তু হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি। ঘটনার জ্বরে মাথায় গুরুতর চোট পান এবং মাথায় রক্ত জমাট বেঁধে যায়। তারপরই ৮টা নাগাদ তাঁকে এসএসকেএমে নিয়ে যান পরিবারের লোক। কিন্তু সেখানে ট্রমা কেয়ারের বাইরে স্ট্রেচারে ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয় তাঁকে। তারপর শেষমেষ বেড নেই বলে মেডিকেলে রেফার করে দেওয়া হয়। এ হেন গাফিলতির কোনো জবাব নেই। তবে করোনার পর থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে কতটা মজবুত তা পদে পদে প্রমাণিত হচ্ছে।





