আজ থেকে নিয়মবিধি মেনে খুলল বেলুড় মঠ, ৪ ঘন্টা খোলা থাকবে মঠের দরজা

আজ থেকে খুলল মঠের দরজা। করোনার প্রভাবে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আজ থেকে ভক্তদের জন্য খুলল বেলুড়মঠের দরজা। রোজ ৪ ঘণ্টা করে ভক্তরা মঠ দর্শনের সুযোগ পাবেন। তবে মঠে ঢুকতে মানতে হবে কড়া বিধিনিয়ম। প্রবেশ পথে হবে থার্মাল স্ক্রিনিং। সেখানে পাশ না হলে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। মূল মন্দিরের ক্ষেত্রেও রয়েছে নিয়ম। একসঙ্গে ১০ জনের বেশি ভক্তকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। এমনকি বন্ধ থাকবে ভোগ বিতরণও।

সোমবার ৮২ দিন পর আবার খুলল বেলুড় মঠ। মঠ কর্তৃপক্ষের তরফে জানা গেছে, রোজ সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মঠ খোলা থাকবে।

বেলুড় মঠে ঢুকতে গেলে প্রবেশদ্বারে প্রথমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরীরের তাপমাত্রা মাপা হবে। মঠ কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, কারও দেহের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহিটের বেশি হলে তাকে ঢুকতে দেওয়া হবে না। তারপর স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে প্রবেশ করতে হবে। মঠে প্রবেশের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক।

মূল মন্দির ছাড়াও মঠ চত্বরের অন্য মন্দিরগুলির সামনে দাঁড়িয়ে প্রণাম করা যাবে। তবে মঠের সন্ন্যাসীদের দর্শন বন্ধ থাকবে। এমনকি প্রণামের নিয়মও বন্ধ থাকবে। বন্ধ থাকবে মঠের সংগ্রহশালা, সারদাপীঠ, বিবেকানন্দের সমাধি। এছাড়াও বন্ধ থাকবে দীক্ষাদান।

৩ মাস বাদে পুনরায় মঠের দরজা খোলায় ভক্তদের মধ্যে উচ্ছাস দেখা দিয়েছে। এতদিন পর মঠের দর্শনে আনন্দিত সবাই।

আরও অন্যান্য খবর