করোনার জেরে আটকেই থাকল মাধ্যমিকের ফলপ্রকাশ। করোনা সংক্রমন রুখতে গত মার্চ মাস থেকে লাগাতার বন্ধ স্কুল। এই অবস্থায় কবে ফলাফল প্রকাশ হবে তা নিশ্চিত জানা যাচ্ছে না। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এবারে মোট ১০ লাখ ১৫ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। এর আগে বলা হয়েছিল, আগামী জুলাইতেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। তবে সেই প্রস্তুতি চূড়ান্ত হলেও, করোনার জেরে বন্ধ রয়েছে সমস্ত স্কুল। তাই এই মুহূর্তে ফলপ্রকাশ সম্ভব নয় বলে ইঙ্গিত শিক্ষামন্ত্রীর।
মঙ্গলবার দিন তিনি বলেন, ‘স্কুল কবে খুলবে তাই এখনও নির্দিষ্ট হলো না। এমতাবস্থায় রেজাল্ট বেরোলেও কি করবে শিক্ষার্থীরা? কী ভাবে তারা মার্কশিট সংগ্রহ করবে? করোনা জেরে এইসব বিষয়ে নিশ্চিতভাবে বলা খুবই মুশকিল। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। তারপরই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।’
অন্যদিকে করোনা সংক্রমণের জেরে স্থগিত রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। অবশিষ্ট বিষয়ে পরীক্ষার তারিখ ২, ৬ ও ৮ জুলাই নির্দিষ্ট করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
তবে ICSE এবং ISC পরীক্ষার ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে পরীক্ষা দেওয়া আবশ্যক নয় বলে ঘোষণা করা হয়েছে। পরীক্ষা না দিতে পারলে প্রাক বোর্ডের নম্বরগুলির ভিত্তিতে মূল্যায়ন সম্পন্ন হবে। এই অবস্থায় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘আপাতত পরিস্থিতির উপর নজর রেখে ভাবনা চিন্তা করা হচ্ছে।’






