সীমান্ত সংঘর্ষের পর তিক্ততায় গিয়ে ঠেকেছে ভারত চীন সম্পর্ক। এবার দেশের নিরাপত্তার কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারকে ৫০-এর বেশি চীনা অ্যাপ্লিকেশন বা অ্যাপ ব্লক করার পরামর্শ দিল ভারতীয় গোয়েন্দা বিভাগ। পাশাপাশি সাধারণ মানুষ যাতে এই অ্যাপগুলি থেকে দূরে থাকে সেই বিষয়েও পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে।
সূত্র মারফত খবর গোয়েন্দা বিভাগ জানিয়েছে এই মোবাইল অ্যাপগুলি নিরাপদ তো নয়ই, বরং এগুলির মাধ্যমে বিপুল পরিমাণ ডেটা দেশের বাইরে চীনে চালান হয়ে যাচ্ছে।
নিরাপত্তা সংস্থার তরফে কেন্দ্রকে যে অ্যাপ গুলি ব্লক করার জন্য তালিকা পাঠানো হয়েছে, তাতে রয়েছে, জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ Zoom, শর্ট ভিডিও অ্যাপ TikTok ও অন্যান্য ইউটিলিটি ও কনটেন্ট অ্যাপ UC browser, Mi Video call-Xiaomi, Xender, SHAREit এবং Clean-master। ভারতবর্ষে এই অ্যাপ গুলি যথেষ্ট জনপ্রিয় এবং প্রায় প্রত্যেকের মোবাইলেই এই অ্যাপগুলি থাকে।
এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় (NSCS) গোয়েন্দা বিভাগের এই সুপারিশকে সমর্থন জানিয়েছে। এ ক্ষেত্রে গোয়েন্দা বিভাগের পাশাপাশি NSCS-ও সহমত পোষণ করে যে, জাতীয় নিরাপত্তার জন্য এই অ্যাপগুলি অত্যন্ত ক্ষতিকর। এই সুপারিশের ওপর এখনও আলোচনা চলছে। এ ক্ষেত্রে প্রত্যেকটি মোবাইল অ্যাপের সঙ্গে জড়িত প্যারামিটার ও ঝুঁকি এক এক করে খুঁটিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।






