করোনার বিরুদ্ধে লড়ছে গোটা দেশ। লড়ছে রাজধানী দিল্লি। এই পরিস্থিতির মধ্যেই নয়া বিপদের মুখে দিল্লি। রাজধানীতে ভয়াবহ হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা। বিশ্বস্ত সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। আর যার জেরে রবিবার থেকেই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পুলিশকে। কয়েক গুণ বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা। আর তাই করোনা আবহে জঙ্গি হামলার আতঙ্কে কার্যত দুর্গে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। শহর জুড়ে জারি হাই অ্যালার্ট!
সূত্রের খবর, রাজধানীতে হামলা চালানোর উদ্দেশ্যে চার থেকে পাঁচ জন জঙ্গির একটি দল রওনা দিয়েছে। তাঁরা ট্রাকে করে রাজধানীতে আসছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। আরও জানা গিয়েছে যে, জম্মু ও কাশ্মীর থেকে কয়েকজন সন্ত্রাসবাদী এর মধ্যে দিল্লিতে গোপন আস্তানায় ঘাঁটি গেড়েছে। অন্যরা শহরে ঢোকার অপেক্ষায় আছে। বাস, গাড়ি বা ট্যাক্সিতে করে জঙ্গিরা শহরে ঢুকতে পারে। শহর জুড়ে ব্যাপক তাণ্ডব চালানোই তাদের একমাত্র উদ্দেশ্য।
এই খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কোনও ঝুঁকি নিতে রাজি নয় সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই শহরের সমস্ত গেস্ট হাউজ, হোটেলে তল্লাশি চালানো হয়েছে। জারি হয়েছে লুক আউট নোটিশ। এ ছাড়া প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কাশ্মীরের রেজিস্ট্রেশনের গাড়িতে বিশেষভাবে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন-সহ প্রতিটি জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চলছে পুলিশি টহল।
গত বছর অক্টোবর মাসেও দিল্লিতে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার খবর পেয়েছিলেন গোয়েন্দারা। সঙ্গে সঙ্গে শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া সম্ভব হয় সন্ত্রাসবাদীদের।






