ভারতকে কোনঠাসা করতে মরিয়া ভারত বিরোধী দুই প্রতিবেশী দেশ! সীমান্তে একদিকে চোখ রাঙাচ্ছে চীন। অন্যদিকে চীনভক্ত পাকিস্তান! এরই মধ্যে রাশিয়া থেকে ৩৩ টি নয়া যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। একইসঙ্গে ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) থেকে দূরপাল্লার এয়ার-টু-এয়ার অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র কেনার ওপরও ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাশিয়া থেকে ১২ টি সুখোই-৩০এমকেআই এবং ২১ টি মিগ-২৯এস কেনার প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের হাতে থাকা ৫৯ টি মিগ-২৯এস যুদ্ধবিমানকে আরও আধুনিক করে তোলারও ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। সবমিলিয়ে ১৮,১৪৮ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এমন দিনে এই অনুমোদন দেওয়া হল, যেদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়, এই প্রথম দেশে তৈরি দূরপাল্লার এয়ার-টু-এয়ার অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাবেও সায় দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ডিআরডিওয়ের থেকে ২৪৮ টি সেই ক্ষেপণাস্ত্র কিনবে ভারতীয় বায়ুসেনা এবং নৌবাহিনী।





