ফের বেলাগাম কল্যাণ, এবার দেশের অর্থমন্ত্রীকে কালনাগিনী বললেন তৃণমূল সাংসদ

অনুব্রত মণ্ডল এর মতোই বেফাঁস মন্তব্য করার জন্য বিখ্যাত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে কালনাগিনী বললেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। দেশের অর্থমন্ত্রীকে এরকম কুরুচিকর ভাষায় আক্রমণ করার জন্য কল্যাণের বিরুদ্ধে সরব হয়েছে অন্যান্য সমস্ত রাজনৈতিক দল।

অন্যদিকে এর প্রতিবাদ জানাতে গিয়ে কালী ঠাকুরের সঙ্গে গুলিয়ে ফেলে এক অদ্ভুত প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। রবিবার বাঁকুড়া গঙ্গাজলঘাটিতে তৃণমূলের কর্মসূচিতে কল্যাণ বাবু বলেন, “কালনাগিনীর কামড়ে যেমন মানুষের মৃত্যু হয়, ঠিক তেমন নির্মলা সীতারমণের জন্য মানুষ মরছে। দেশের অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে। অবিলম্বে এর দায় নিয়ে তাঁর পদত্যাগ করা উচিত।”

https://twitter.com/ANI/status/1279721503446073344?s=20

যদিও এখানেই থেমে থাকেননি কল্যাণ বাবু। তিনি আরও বলেন, “সিপিএমের লাল সন্ত্রাস তৃণমূলকর্মীরা উপড়ে ফেলেছেন। এবার বিজেপির দিলীপ ঘোষ লাল চোখ দেখাচ্ছেন। দিলীপ ঘোষের লাল চোখকে হলুদ করার হিম্মত থাকলে তবেই তৃণমূল করুন।” তৃণমূল কর্মীদের এই বলেই ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করেন এই সাংসদ।

এরপর কল্যাণের এই কথার পরিপ্রেক্ষিতে মুখ খোলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। সংবাদসংস্থাকে কল্যাণের মন্তব্যের নিন্দা করে বিবৃতি দিয়েছেন তিনি। আর তাতে তিনি ‘কালনাগিনী’-কে ‘কালি নাগিন’ এর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। সেই ‘কালি নাগিন’-কে আবার গুলিয়েছেন কালী ঠাকুরের সঙ্গে।

সম্বিত বলেন, “কল্যাণের মন্তব্যের নিন্দা করি। তিনি যে রাজ্যে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন সেখানে প্রত্যেক বাড়িতে কালী ঠাকুরের পুজো হয়। এই মন্তব্য যেমন বর্ণবিদ্বেষমূলক তেমনই নারীবিদ্বেষী।”

সম্বিতের মন্তব্য নিয়ে এবার শুরু হয়েছে আরেকপ্রস্থ হাসাহাসি। কাল নাগিনীর সঙ্গে কী করে কালী ঠাকুরকে তিনি গুলিয়ে ফেললেন তা মাথায় ঢুকছেনা কারোরই। যদিও কল্যাণের মন্তব্যও মেনে নিচ্ছেন না নেটিজেনরা। তাঁদের অনুরোধ, বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নিজেদের সংযম যেন হারিয়ে না ফেলেন এই সব রাজনৈতিক নেতারা।

আরও অন্যান্য খবর