উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। হিমালয়ের পাদদেশ বরাবর সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আর তার জেরেই আগামী ৭২ ঘণ্টায় ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে তরাই ও ডুয়ার্সে। দক্ষিণবঙ্গেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত তরাই ও ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ২০০ – ২৫০ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এর থেকেও বেশি। যার জেরে উত্তরবঙ্গে তরাই ও ডুয়ার্সে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বৃষ্টির জেরে পাহাড়ের কোনো কোনো অংশে ধসও নামতে পারে ।
আগামী ৩ দিনে শিলিগুড়িতে ১২৬ মিমি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে ১০৯ মিমি, হাসিমারায় ২২৬ মিমি, আলিপুরদুয়ার শহরে ২৩৮ মিমি এবং কোচবিহারে ১৭৫ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টিতে ভাসবে উত্তর দিনাজপুরও।
পাহাড়ে, দার্জিলিংয়ে ২৭৯ মিমি এবং কালিম্পংয়ে ২৬০ মিমি বৃষ্টি হতে পারে। প্রায় একই হারে বৃষ্টি হতে পারে ভুটান পাহাড়েও।
দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তাতে অবশ্য আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ পূর্বের জেলাগুলির তুলনায় কম থাকবে।






