এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ‘তুঘলক’ বললেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর রাজনীতির ময়দানে নেমে ছক্কা হাঁকানোর চেষ্টা করছেন অনেকদিন ধরেই। এবার তিনি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে বোল্ড করার চেষ্টায় রয়েছেন। সম্প্রতি টুইটারে টুইট করেছেন যে, টিভিতে অস্কার পাওয়ার মতো অভিনয় করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সেখানে তিনি দেখিয়েছেন যে তিনি দিল্লির কোভিড পরিস্থিতি উন্নতির জন্য কোনও ক্রেডিট নিতে চান না। এদিকে মিস্টার তুঘলক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল আপ ঘন্টায় ঘন্টায় টুইট করছেন ক্রেডিটের জন্য। আমার একটাই প্রশ্ন যে দিল্লির মুখ্যমন্ত্রী কোন ভিত্তিতে দাবি করলেন যে জুলাই মাসের শেষে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ হবে? তুমি কি মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করার জন্য এবং কেন্দ্র থেকে সাহায্য চাওয়ার জন্য এটা বললেন?”
After Oscar worthy performances on TV that he doesn't care about credit, Mr. Tughlaq @ArvindKejrwal & AAP tweeting every hour to take credit for Delhi's improvement
One Qs – On what basis did Dy CM claim 5.5 Lakh cases by July end? To create panic & blackmail Centre for help?
— Gautam Gambhir (@GautamGambhir) July 11, 2020
দক্ষিণ দিল্লির ছত্তরপুরে পৃথিবীর বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার তৈরি করার ঘোষণা করে আপ। যা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এই নিয়ে আপ ফলাও করে প্রচার করে। এরপরই গম্ভীর এই ব্যাপারটি নিয়ে টুইট করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এই কেয়ার সেন্টারের উদ্বোধন করেন তখন সোশ্যাল মিডিয়ায় সদস্য ও বিজেপি কর্মীদের মধ্যে বাকযুদ্ধ বাঁধে। আপের আইটি সেল থেকে দাবি করা হয় যে এই সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার তৈরি করা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য । তখন বিজেপি সদস্যরা পাল্টা দাবি করে যে অমিত শাহের হস্তক্ষেপের পরেই রাজধানীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
অন্যদিকে শনিবার দিল্লিতে আক্রান্তের সংখ্যা সব থেকে কম পাওয়া গিয়েছে বিগত ৩১ দিনের মধ্যে। এছাড়াও জুলাই মাসে এখনও পর্যন্ত কোনও হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি। এমনকি গত দুই সপ্তাহ ধরে দিল্লিতে সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে।





