অনুব্রত জানেননা এমন কিছু নেই। পৃথিবী থেকে করোনা আতঙ্কের প্রকোপ কবে কমবে তা নিয়ে যখন কেউ কিছু বলতে পারছেননা তখন মুখেই আনুমানিক দিনক্ষণ জানিয়ে দিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর দাবি ‘করোনার মেয়াদ এক বছর।’ শনিবার লাভপুরে তৃণমূলের এক কর্মী সম্মেলনে এমন কথাই বলেন এই তৃণমূল নেতা।
কর্মী সম্মেলনে অনুব্রত বলেন, ‘করোনাভাইরাসের দাপট বছরখানেক থাকবে। সেজন্য ১ বছর বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ তো আর এই পরিস্থিতিতে কাজ পাবেন না। তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।’
করোনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। এর আগে ভারতে করোনা সংক্রমণের জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করেছিলেন তিনি। বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে আমদাবাদে আনায় করোনা ছড়িয়েছে ভারতে। ট্রাম্পের দলের সদস্যদের অনেকেই করোনায় আক্রান্ত ছিলেন বলে দাবি ছিল তাঁর।





