ফের সরগরম টলিউড। এবার এক টলি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর প্রেমিককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ। ওই প্রেমিকের ফোন কলের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয়।
গত ৯ই জুলাই ওই টলিউড অভিনেত্রীর ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত প্রেমিক।
কী ঘটেছিল ঘটনাটি?
ওই অভিনেত্রীর বয়ান অনুযায়ী গত ৫ই জুলাই এই ঘৃণ্য ঘটনাটি ঘটে। অভিনেত্রীর ফাঁকা ফ্ল্যাটে জোর করে ধর্ষণ করা হয় অভিনেত্রীকে এবং তাঁর ওপর চলে অকথ্য শারীরিক নির্যাতন।
এছাড়াও তার প্রেমিক মোবাইল ফোনে অভিনেত্রীর অশ্লীল ভিডিও রেকর্ড করেন এবং এই ঘটনা প্রকাশ পেলে সেই ভিডিও পাবলিক করে দেবেন বলেও হুমকি দেন অভিযুক্ত।
গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। আত্মহত্যা করবার কথাও চিন্তা করেছিলেন যদিও পরে এক বন্ধুর সূত্রে খবর পেয়ে এক মানবাধিকার সংগঠনের কর্মীরা ওই অভিনেত্রীকে উদ্ধার করে। এরপর গত বুধবার রাতে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধর্ষণ এবং ৫০৬ ধারায় হুমকির মামলা রুজু করেছে পুলিশ।
২০০৯ সালে মধ্যমগ্রামের ওই যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। তখন সেইরকম পরিচয় না গড়ে উঠলেও ২০১৭ সালে যখন ফের দেখা হয় তখন তাদের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সে বছরই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন অভিযুক্ত এবং তারা দু’জন প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। এরপর তরুণীর অভিযোগ যে ব্যবসার অছিলায় তার কাছ থেকে টাকা চাওয়া শুরু করে ওই যুবক। যদিও ওই তরুণী পরে সম্পর্ক ভেঙে দেন তবে এই বছরের এপ্রিল মাস থেকে আবার সম্পর্ক নতুন করে শুরু হয়। সম্প্রতি ওই অভিনেত্রীর কাছে ১ লক্ষ টাকা চান ওই যুবক। তরুণী এই টাকা দিতে অস্বীকার করলেই তার সঙ্গে এমন ঘৃণ্য কাজ করেন অভিযুক্ত।
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্ত যুবককে গ্রেফতারের পর থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে চলেছেন। তার দাবি গোটা ঘটনাটা সাজানো এবং তাকে ফাঁসিয়েছেন ওই টলিউড অভিনেত্রী। অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।






