বিধায়কের রহস্যমৃত্যু সাধারণ ঘটনা, বিজেপি নেতাদের মাথা করোনা আক্রান্ত, বেনজির কটাক্ষ ফিরহাদ হাকিমের

আজ সকাল থেকেই রাজ্য রাজনীতি বেশ সরগরম। উত্তর দিনাজপুরে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যু ঘিরে ছড়িয়েছে প্রবল উত্তেজনা। পরিবারের লোকেদের দাবি দেবেন্দ্র বাবুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দোকান ঘরের সামনে। স্থানীয় বিজেপি নেতারা বলছেন যে, এই খুনের পেছনে হাত রয়েছে শাসক শিবিরের কারণ ২০১৯ সালে সিপিআই এম ছেড়ে শাসক শিবিরে না গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন দেবেন্দ্র বাবু। সেই কারণে তৃণমূল খুন করেছে দেবেন্দ্র বাবুকে বলে অভিযোগ বিজেপির। এই নিয়ে টুইট করেছেন বিজেপির শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সম্ভবত রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে দেবেন্দ্র বাবুকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত ভার গিয়েছে সিআইডির হাতে।

এবার এই ব্যাপারে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন কলকাতার পুর প্রশাসক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বললেন যে, “পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বিজেপি নেতাদের মাথা করোনা আক্রান্ত তাই তারা ভুলভাল বকছেন। এই ঘটনা অত্যন্ত সাধারণ একটা ঘটনা। এর আগেও এরকম হয়েছে কিন্তু বিজেপি লাশ ধরার রাজনীতি শুরু করে দিয়েছে। এছাড়া বিজেপি থেকে যে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে সেই বিষয়ে বলে রাখা উচিত যে তদন্তভার গিয়েছে সিআইডির হাতে এবং আমরা এর আগে দেখেছি সিবিআইয়ের থেকে পুলিশ অনেক বেশি মামলা সমাধান করেছে। আসলে বিজেপিতে চলে গেলে মানুষের মধ্যে একটা ডিপ্রেশন আসে। তাই উনি (দিলীপ ঘোষ) এবং ওঁনার এমএলএরা কী বলছেন তা নিজেরাও ঠিক করে জানেন না।”

স্বাভাবিকভাবেই তাঁর বিজেপির প্রতি এরকম বেনজির কটাক্ষ কে ঘিরে শুরু হয়েছে নতুন করে জল ঘোলা। বিজেপি নেতারা বলছেন যেখানে দেখা যাচ্ছে যে দেবেন্দ্র বাবুকে দোকানের বাইরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সেখানে এই ঘটনাকে সাধারণ ঘটনা কি করে বলতে পারেন ফিরহাদ হাকিম? এছাড়া বিজেপিতে চলে গেলে ডিপ্রেশন আসে এবং বিজেপি নেতাদের মাথা করোনা আক্রান্ত এই মন্তব্যের জেরে ফিরহাদ হাকিমকে ভোটবাক্সে ভুগতে হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

পুলিশ সূত্রে সকালে জানা গিয়েছিল যে, দেবেন্দ্র বাবুর পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে যেখানে বেশ কিছু নামের উল্লেখ আছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে সিআইডি।

RELATED Articles

Leave a Comment