প্রেমে পড়ার অনুভূতি আমাদের সবসময় একটা অন্যরকম ভালোলাগা দেয়। এবার সেই ভালোলাগাই অন স্ক্রীনে দেখা গেল সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জনা সাংঘির মধ্যে। আজ ৩১ দিন সম্পূর্ণ হল সুশান্ত পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন, তাঁর শেষ অভিনীত ছবি দিল বেচারা নিয়ে তাই অন্যরকম একটা আবেগ কাজ করছে সকলের মধ্যেই। ছবির ট্রেলার হোক কিংবা টাইটেল ট্র্যাক, একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে। আজ কিছুক্ষণ আগে এই ছবির দ্বিতীয় গান তারে গিন মুক্তি পেয়েছে। সেই ইতিমধ্যেই পড়ে গিয়েছে অসংখ্য লাইক এবং দর্শক সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।
গানের দৃশ্যায়নে দেখা যাচ্ছে যে প্রম নাইটে সুশান্ত সঞ্জনাকে বাইকে করে নিয়ে যাচ্ছেন। সেখানে কিছুটা খুনসুটি, তারপরে অল্প একটু নাচ এবং ঘরে ফিরে আসা। দু মিনিট চার সেকেন্ডের ভিডিওটা পুরোটাই রোমান্সে পরিপূর্ণ। গানের সুর দিয়েছেন কিংবদন্তি সুরকার এ আর রহমান। কথায় রয়েছেন বঙ্গসন্তান অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন মোহিত চৌহান ও শ্রেয়া ঘোষাল। যথারীতি একটা ম্যাজিকের সৃষ্টি হয়েছে গোটা গানে। শ্রেয়ার মিষ্টি কিন্তু মাদকতাপূর্ণ গলা এবং মোহিত চৌহানের গলার রোমান্টিসিজম গানকে একটা অন্য মাত্রা দিয়েছে। যতবার গানটা দেখা হবে, শোনা হবে ততবার সুশান্ত সিং এর মুখ মনে পড়বেই।
কিজি ও ম্যানির প্রেম কাহিনী আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবে আমাদের প্রথম প্রেমের অনুভূতিতে। আগামী ২৪শে জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পেতে চলেছে দিল বেচারা। সাবস্ক্রাইব ও নন সাবস্ক্রাইবার সকলেই দেখতে পাবেন এই সিনেমাটা।





