ভোটের ফল ঘোষণার পরই জায়গায় জায়গায় আক্রান্ত বিজেপি কর্মীরা।

২০১৯ এর লোকসভা নির্বাচনে ফল ধীরে ধীরে সামনে আসতেই বোঝা যায় যে এবারে বাংলার সবুজ দূর্গে আঘাত হেনেছে গেরুয়া শিবির। রাজ্যের ৪২ টি আসনে যেখানে ২২ আসনে জয়ী তৃণমূল সেখানে ১৮ টি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। রাজ্যে বিজেপির এই উত্থানে স্বাভাবিকভাবেই চিন্তিত তৃণমূল নেতৃত্ব। এর মাঝেই বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।

বিজেপির তরফে অভিযোগ জানানো হয় যে, গতকাল রাতে ফলাফল পরিস্কার হয়ে যওয়ার পরই নরেন্দ্রপুর থানার জগদীশপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হতে থাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা৷ বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এলাকায় বিজেপির পতাকা ফেস্টুনও ছিড়ে ফেলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

 

এছাড়াও একজন বিজেপি এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টারও অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতিদের বিরুদ্ধে। আহত বিজেপি এজেন্টের নাম শ্রীকান্ত নস্কর। তাঁর ওপর তৃণমূল দুষ্কৃতিরা ধরালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ৷ যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের তরফে জানানো হয় যে এটি আসলে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতিদের কাজ৷

আরও অন্যান্য খবর