তাঁর অস্বাভাবিক মৃত্যুর পরে কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। কিন্তু মানুষের জীবনে তিনি এখনও প্রাসঙ্গিক। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারছেন না যে তিনি এইরকম ভাবে অকালে চলে যাবেন কোন কারণ ছাড়াই। এই মামলায় লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন সুশান্ত ভক্তরা। যদিও মুম্বই পুলিশ এখনও পর্যন্ত এই ব্যাপারটির তদন্ত করছে।
শুক্রবার মুম্বই পুলিশ জেরা করল সুশান্তের সাইকিয়াট্রিস্ট করসি চাবড়াকে। এছাড়াও শনিবার এই তদন্তে জেরা করা হয়েছে বলিউড পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকেও। এর আগে মুম্বই পুলিশ জানিয়েছিল যে, তাদের তদন্তে উঠে এসেছে মৃত্যুর ছয় মাস আগে থেকেই ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। সেই সময় একাধিক মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন তিনি। যার মধ্যে মুম্বইয়ের এই বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞও রয়েছেন।
শুক্রবার এই মনোরোগ বিশেষজ্ঞকে ডেকে সুশান্তের মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিশদে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে যে আরও এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু তার পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশি জেরার কারণে জানা যাচ্ছে যে গত বছর অক্টোবরে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুশান্ত, কারণ মানসিক সমস্যা এবং বিগত এক বছরে তিনি পাঁচজন মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়েছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন যে ডিপ্রেশন, ট্রমা এবং টেনশনে ভুগছিলেন সুশান্ত। তিনি রাতে ঘুমাতে পারতেন না এবং তাঁর এনজাইটি ডিসঅর্ডার ছিল। যে কোন বিষয় নিয়ে তাঁর সব সময় মনে সন্দেহ কাজ করত।
তাঁর কাউন্সেলিং এর সময় তাঁর সঙ্গে যেতেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীও। মুম্বই পুলিশের কাছে এই চিকিৎসকদের মাধ্যমে সুশান্তের জীবনের বেশ কিছু ব্যক্তিগত তথ্য এসেছে কিন্তু সেই ব্যাপারে পুলিশ এখনও কিছু জানায়নি। এছাড়াও সুশান্তের আরো তিন চিকিৎসকদেরও জেরা করবে মুম্বই পুলিশ। সুশান্তর পরিবারের সদস্যদের সঙ্গেও আবারও কথা বলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।






