এবারে শিল্পের দাবীতে প্রতিবাদ মিছিল সিঙুরে।

সিঙুর, মূলত এই নামটিই ছিল বাম শাসনের পতনের মূলে৷ সেসময় অবশ্য দাবীটা ছিল অন্য। না, হতে দেওয়া যাবেনা শিল্প, অনিচ্ছুক কৃষকদের ফিরিয়ে দিতে হবে তাদের অধিকৃত জমি৷ সেসময় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিল বিরোধী শিবির তৃণমূল। সেখান থেকেই সূচনা হয় বাম পতনের এবং তৃণমূলের৷ সেবারও হয়েছিল সিঙুরে প্রতিবাদ মিছিল সহ একাধিক কর্মসূচী পালন। শেষে তৃণমূল সরকার এসে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফেরত দেয় কৃষকদের জমি এবং সরে যায় শিল্প টাটা।

এবারেও দেখা গেলো সেই ইতিহাসের পুনরাবৃত্তি। এবারেও সিঙুরে শুরু হলো প্রতিবাদ মিছিল। তবে দাবীটা আলাদা। এবার আর জমি নয়, বরং চাই শিল্প। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের জয়ের পরই আজ সিঙুরে শিল্পের দাবীতে শুরু হয় প্রতিবাদ মিছিল।

 

বিজেপির তরফে এই মিছিল শুরু করা হলেও তাতে যোগ দেয় সিঙুরের বেশ কিছু কৃষকরাও। তাদের বক্তব্য সিঙুরের জমিতে টাটা কারখানার কাজ শুরু হয়ে যাওয়ার পরে সেই কাজ থামিয়ে সেই জমি ফেরত দেওয়া হয়েছিল কৃষকদের। কিন্তু এরপর থেকে এখনও অবধি সেই জমিগুলো আর ফিরে পায়নি তাদের উর্বরতা শক্তি। ফলস্বরূপ হচ্ছেনা ভালো ফলন, ক্ষতির মুখে পরছেন চাষীরা। তাই সিঙুরে এবারে শিল্পের দাবী বিজেপি কর্মী তথা কৃষকদের৷ তাদের দাবী বাম আমলে যেমন বলা হয়েছিল যে, কারখানা হওয়ার পর সেখানে প্রতি কৃষক পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে ঠিক সেইভাবেই সিঙুরে শিল্প এনে চাকরির ব্যবস্থা করা হোক কৃষক পরিবারগুলোর জন্য।

সিঙুরের বিজেপি নেতা সঞ্জয় পান্ডে জানান যে, সিঙুরে সবাই শিল্প চাইছে, তাই কৃষির পাশাপাশি শিল্পকে ফেরাতেও তৎপর বিজেপি৷ এই দাবীটি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মাধ্যমে দিল্লিতে পেশ করার কথাও জানান সেই বিজেপি নেতা৷ বিজেপির দাবী সিঙুরে শিল্প এবং কৃষি এই দুই পাশাপাশি থাকলে তবেই স্থানটির উন্নতি সম্ভব।

আরও অন্যান্য খবর