লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরও হিংসা অব্যাহত। রাজ্যের বিভিন্ন স্থান থেকে মিলছে তৃণমূল – বিজেপি সংঘর্ষের খবর৷ এবারে এক বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো চাকদহ৷ আঙুল তৃণমূলের দিকে৷
ঘটনাটি ঘটেছে চাকদহের গৌড়পাড়া তপবন স্কুলের নিকটে৷ অভিযোগ, বছর বাইশের তরুণ বিজেপি কর্মী সন্তু ঘোষ কাল বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন স্কুলের নিকটে। সেসময়ই হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতি৷ গুলি তার গলায় লাগায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
এলাকাবাসী এবং বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এলাকাবাসীরা জানিয়েছেন যে সম্প্রতি তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সন্তু ঘোষ। দলের হয়ে ভোটে যথেষ্ট খেটেওছিলেন তিনি। আর তাই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এভাবে খুন করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। বলা বাহুল্য বিজেপি এর অভিযোগের তীরও তৃণমূলের দিকেই।
এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে চাকদহতে। দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে সেই এলাকার মানুষ এবং বিজেপি সমর্থকেরা চাকদহ থানার সম্মুখে বিক্ষোভ দেখান।