করোনার মধ্যে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন করোনা সন্দেহে কেউ মারা গেলে তাঁর মৃতদেহ পাওয়ার জন্য অনেকক্ষন অপেক্ষা করতে হত পরিবারের মানুষজনকে। কিন্তু এবার আইসিএমআর-এর (ICMR) নির্দেশিকা মেনে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে।
মঙ্গলবার নবান্নের এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “করোনা সন্দেহে কেউ মারা গেলে বা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে তাঁর মৃতদেহ পেতে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। যদি তার টেস্ট রিপোর্ট আগে হয়ে থাকে তো হাসপাতাল কর্তৃপক্ষ আইসিএমআর-এর গাইডলাইন মেনে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেবে। যে প্রোটোকল সাধারণ মৃতদেহের ক্ষেত্রে অনুসরণ করা হয় সেই প্রোটোকল মেনেই এবার সাসপেক্ট কোভিড ডেড বডিগুলি তাদের পরিবারকে দিয়ে দেওয়া হবে। তার জন্য অযথা আর ওয়েট করতে হবে না।” এটা রাজ্যের একটি মানবিক সিদ্ধান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও আগামী মাসে রাজ্যজুড়ে সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আগস্ট মাসের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখগুলিতে সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে।
তবে আগামী শনিবার ঈদ উপলক্ষে সম্পূর্ণ লকডাউন জারি করা হচ্ছে না রাজ্যে। তবে সকলকে নিয়ম মেনেই আনন্দ করতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এখন প্রতিদিনই প্রায় ২০০০-এর বেশি রাজ্যবাসী করোনা সংক্রামিত হচ্ছেন। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তাই ফের রাজ্যজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।






