আগামী মাসের ৫ তারিখে অযোধ্যায় রাম মন্দিরের বহু প্রতীক্ষিত উদ্বোধনের ব্যবস্থা চলছে জোর কদমে। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। করোনা আক্রান্ত হলেন অযোধ্যা রামমন্দিরের পুরোহিত। সেই সঙ্গে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে রামমন্দিরে কর্মরত ১৬ জন পুলিশকর্মীরও।
জানা গিয়েছে, অযোধ্যা রামমন্দিরের প্রধান পুরোহিতের সহকারী প্রদীপ দাসের করোনা টেস্টের রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। জ্বর-সর্দি থাকায় এর আগেই তাঁকে আইসোলেশনে থাকতে বলা হয়েছিল। এরপর একইভাবে ১৬ জন পুলিশকর্মীরও রিপোর্ট পজিটিভ আসে।
৫ই আগস্ট এর অনুষ্ঠান হবে কিনা সেই নিয়ে চলতে থাকে জল্পনা তবে সূত্র মারফত জানা গিয়েছে যে এখনো পর্যন্ত এই অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করেনি ট্রাস্ট। আগের পরিকল্পনা অনুযায়ীই সমস্ত অনুষ্ঠান হবে। প্রায় ২০০ জন যোগ দেবেন ৫ আগস্টের অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও ৫০ জন ভিভিআইপি আসবেন এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি চলছে রামমন্দির চত্বরে। প্রধানমন্ত্রীর জন্য মন্দিরের ৩ কিলোমিটার দূরে বানানো হয়েছে হেলিপ্যাড। সেখানেই সকাল সাড়ে এগারোটা নাগাদ সাকেত বিশ্ববিদ্যালয় থেকে চপারে করে এসে নামবেন মোদী। তারপর সড়কপথে যাবেন মন্দিরে। সে কারণে রাতারাতি চওড়া করা হয়েছে সম্পূর্ণ ৩ কিলোমিটার রাস্তাটিও। রাস্তার ধারে পাঁচিলে আঁকা হয়েছে বিভিন্ন ছবি।
অযোধ্যাবাসী যাতে এই অনুষ্ঠান সরাসরি দেখতে পান তার জন্য শহরের বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে যেখান থেকে গোটা অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে।
মন্দির ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে যে, মন্দিরের সঙ্গে জড়িত সমস্ত বিজেপি নেতৃত্বকে আমন্ত্রণ করা হয়েছে। তালিকায় আছেন লালকৃষ্ণ আদবাণী, মুরলি মনোহর যোশীর মতো বড় নামও।





