ভারতে বেশ কিছুদিন আগেই ব্যান হয়ে গেছে এই অত্যন্ত জনপ্রিয় অ্যাপটি। নাম টিকটক।
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ওই অ্যাপটিকেই কাজে লাগিয়ে নাক গলানোর চেষ্টা করছে বেজিং বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন আমেরিকান কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য।
‘টিকটক’-অ্যাপটির উপর চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব ও অ্যাপটি ব্যবহার করে জনমত প্রভাবিত করার অভিযোগ এনে, মঙ্গলবার মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জন ব়্যাটক্লিফকে একটি চিঠি দিয়েছেন মার্কিন সেনেটের বেশ কয়েকজন সদস্য। সেখানে উল্লেখ করা হয়েছে “টিকটকের উপর চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন। অ্যাপটি ব্যবহার করে মার্কিন জনতার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে বিভেদ তৈরি করার চেষ্টা করতে পারে চীন।”
এদিকে, আমেরিকার এহেন অভিযোগ প্রকাশ্যে আসতেই টিকটকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, অ্যাপটির সুরক্ষা ও গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সমস্ত চেষ্টা করছেন। যদিও এতে চিড়ে ভিজছে না বলেই মত বিশ্লেষকদের। ইতিমধ্যেই ভারত-সহ বেশ কয়েকটি দেশে তথ্যচুরির অভিযোগে টিকটক নিষিদ্ধ করা হয়েছে।






