তথ্য চুরি রুখতে ২৯টি অ্যাপকে প্লে স্টোর থেকে সরাচ্ছে Google, দেখে নিন

এবার গুগল প্লে স্টোর থেকে ২৯ টি বিপজ্জনক অ্যাপকে সরিয়ে ফেলছে গুগল। জানা গেছে এই অ্যাপগুলি স্মার্টফোন থেকে যাবতীয় তথ্য চুরি করে নিতে পারে। সম্প্রতি ‘হোয়াইট অপ্স সাতোরি’ নামের একটি থ্রেট ইনটেলিজেন্স সংস্থা এই বিপজ্জনক অ্যাপগুলিকে চিহ্নিত করেছে। এরপরই সেগুলিকে হাটানোর সিদ্ধান্ত নিয়েছে গুগল।

এই ২৯টি বিপজ্জনক অ্যাপের তালিকায় রয়েছে ব্লার ফটো এডিটর, সুপার কল ফ্ল্যাশ, ব্লার ইমেজ, ইজি ব্লার, ইমেজ ব্লার, অটো পিকচার কাট, ম্যাজিক কল ফ্ল্যাশ, স্কোয়্যাল ব্লার মাস্টার-এর মতো বেশ কিছু ফটো অ্যাপ।

জানা গেছে এই অ্যাপগুলিতে ‘অ্যাড ওয়্যার’ থাকায় তা খুব সহজেই স্মার্টফোনের ক্ষতি করতে পারে। এছাড়া এই ২৯টি অ্যাপেই রয়েছে ‘ব্লার’ অপশন। সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য এই অপশনটিই স্মার্টফোনের তথ্য চুরির প্রধান হাতিয়ার।

তবে চিন্তার বিষয় হল, এখনো অবধি প্রায় ৩৫ লক্ষ মানুষ এই বিপজ্জনক অ্যাপগুলিকে ডাউনলোড করেছেন। তাদের ক্ষেত্রে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, যদি এই বিপজ্জনক অ্যাপগুলি আপনি ডাউনলোড করে থাকেন তবে তা আনইনস্টল করে দিন। তবে ভবিষ্যতে কোনও অ্যাপ ডাউনলোডের সময় তার রিভিউ অবশ্যই ভাল করে পড়ে সেটিকে ডাউনলোড করবেন।

এই বিপজ্জনক অ্যাপগুলি ফোনে ডাউনলোড হওয়ার পর অনেক সময়ই স্ক্রিনে তাদের আইকন খুঁজে পাওয়া যায় না। এমনকি প্লে স্টোরে গিয়েও সেগুলিকে ওপেন করা যায় না। এই অ্যাপগুলি ফোনের সেটিংসও বদলে দিতে পারে। এর জন্য স্মার্টফোনে হঠাৎ বিজ্ঞাপন ফুটে উঠতে পারে। এছাড়া এই অ্যাপগুলির জন্য কখনও কখনও স্মার্টফোন আপনা থেকেই আনলক হয়ে যেতে পারে, বা ফোন ডেটা বন্ধ হয়ে Wi-Fi কে চালু করে দিতে পারে। তাই এগুলিকে ফোন থেকে সরিয়ে দেওয়াটাই মঙ্গল।

আরও অন্যান্য খবর