দাদা হচ্ছে তৈমুর, সইফ-করিনার ঘরে দ্বিতীয়বার আসতে চলেছে নতুন অতিথি

বলিউডে সুখবর! দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী করিনা কপুর খান। তাদের পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের পরিবারে একজন নতুন সদস্যের অন্তর্ভুক্তি হতে চলেছে। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।” স্বাভাবিকভাবেই এই খবরে আনন্দের বন্যা বয়ে গিয়েছে বলিউডে। যদিও করিনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোন পোস্ট দেওয়া হয়নি এই ব্যাপারে।

গতকালই মুম্বইয়ের একটি সংবাদসংস্থা প্রথম জানায় যে, দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন বেবো। এই খবর দুই পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষ এবং ইন্ডাস্ট্রির খুব অল্প কয়েকজনই জানেন।

এছাড়াও জানা গিয়েছিল যে আমির খানের সঙ্গে তার পরবর্তী ছবি লাল সিং চাড্ডার শুটিং এর মধ্যেই সেরে ফেলতে চাইছেন করিনা। ছবিটি এই বছরই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের কারণে শুটিং আটকে যাওয়ায় আগামী বছর মুক্তি পাবে ছবিটি। নিজের বেবি বাম্প প্রকাশ্যে আসার আগেই শুটিং সেরে ফেলতে চান বেবো। অবশ্য এর আগেও নিজের প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ থামাননি তিনি। বরং বেবি বাম্প নিয়ে ফ্যাশন র‍্যাম্পে হেঁটে নতুন নজির সৃষ্টি করেছিলেন এই তারকা। বরাবরই সংসার ও কেরিয়ারের মধ্যে সামঞ্জস্য রেখে চলেন করিনা। এবারও তার অন্যথা যে হবে না একথা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর