ছত্তিশগড়, মহারাষ্ট্রে নাশকতা! সুকমার জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত ৪ মাওবাদী, মহারাষ্ট্রে আইইডি

সম্প্রতি ছত্তিশড়, মহারাষ্ট্রে বেড়েছে মাওবাদীদের কার্যকলাপ। বুধবার সকালে ছত্তিশগড়ের সুকমার জঙ্গলে খবর পেয়ে তল্লাশি অভিযান চালাতে যায় যৌথবাহিনী। সেখানেই শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থলে খতম হয় ৪ মাওবাদী। এছাড়া উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্রও।

তবে শুধু ছত্তিশগড়েই নয় নাশকতা ছড়ানোর খবর পেয়ে মহারাষ্ট্রের সোনেগাঁওতেও তল্লাশি চালায় যৌথবাহিনী। এরপর সেখান থেকে উদ্ধার হয় আইইডি। সূত্রের খবর, মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল সেগুলোকে।

জানা যাচ্ছে, ছত্তিশগড়ে মাঝেমধ্যেই হামলা চালিয়ে মাওবাদীরা সরকারি সম্পত্তি সব তছনছ করে দিচ্ছে। এছাড়াও গ্রামেও লুঠপাট চালানো হচ্ছে। এই অবস্থায় কড়া হাতে মাওদের দমন করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার।

বাস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, আগাম খবর পেয়ে জগরগন্ধা সংলগ্ন অরণ্যে সিআরপিএফ, কোবরা বাহিনী, জেলা রিজার্ভ গার্ড মিলিতভাবে অভিযান চালায়। এরপর ফুলমপর গ্রামের কাছে যৌথবাহিনীকে দেখেই গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় যৌথবাহিনীও। এই গুলির লড়াইয়ের পর ৪ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর রাইফেল, দেশি বন্দুক ও বিস্ফোরক মিলেছে।

আরও অন্যান্য খবর